Home আঞ্চলিক রূপসা ৮০০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র পুনর্বিন্যাস করে নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগের দাবি

রূপসা ৮০০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র পুনর্বিন্যাস করে নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগের দাবি

3

খবর বিজ্ঞপ্তি।।

রূপসা ৮০০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের দীর্ঘমেয়াদি গ্যাস সরবরাহ অনিশ্চয়তা, প্রকল্পের বিলম্ব এবং জনগণের অর্থের অপচয়ের আশঙ্কায় উদ্বেগ প্রকাশ করেছেন পরিবেশ ও জ্বালানি খাতের সংগঠকরা। তারা বলেন, জ্বালানি সরবরাহ নিশ্চিত না করেই বিপুল অর্থ বিনিয়োগ করে বিদ্যুৎকেন্দ্র নির্মাণ দেশের জ্বালানি পরিকল্পনার দুর্বলতা ও অদূরদর্শিতার প্রতিফলন।

এ পরিস্থিতিতে বিদ্যুৎকেন্দ্রটির ভবিষ্যৎ পুনর্মূল্যায়ন করে নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তরের সম্ভাবনা বিবেচনা করা জরুরি।

এই প্রেক্ষাপটে রূপসা বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি সংকটের সমাধান হিসেবে অন্য বিদ্যুৎকেন্দ্রের গ্যাস সরবরাহ কমানো, ডিজেল ব্যবহার কিংবা নতুন জীবাশ্ম জ্বালানি অবকাঠামোর ওপর নির্ভরতার পরিবর্তে প্রকল্পটি পুনর্মূল্যায়ন এবং নবায়নযোগ্য জ্বালানির দিকে এগিয়ে যাওয়ার দাবিতে আজ ২৪ নভেম্বর খুলনায় ধ্রুব এর উদ্যোগে ক্লিন ও বিডাব্লু জি ই ডি এর সহযোগিতায় সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। সমাবেশে উপস্থিত ছিলেন ধ্রুব সংস্থার নির্বাহী পরিচালক রেখা মারিয়া বৈরাগী, ইউএনডিপি র রাজিয়া সুলতানা মিলি, রেশমা খাতুন মিতু সাংবাদিক উত্তম দাস সহ আরো অনেকে

সমাবেশে বক্তারা বলেন, রূপসা ৮০০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের কমিশনিংয়ের জন্য ১০৭ দিনের অস্থায়ী গ্যাস সরবরাহের আশ্বাস দেওয়া হলেও বাণিজ্যিক উৎপাদনের জন্য দীর্ঘমেয়াদি গ্যাস সরবরাহ এখনো নিশ্চিত নয়। গ্যাসের সংকট মোকাবিলায় অন্য বিদ্যুৎকেন্দ্রের গ্যাস সরবরাহ কমানো কিংবা ডিজেল ব্যবহার করার পরিকল্পনা দেশের বিদ্যুৎ উৎপাদন ব্যয় আরও বাড়াবে এবং জ্বালানি নিরাপত্তাকে ঝুঁকির মুখে ফেলবে।

বক্তারা আরও বলেন, প্রকল্পটির বাস্তব অগ্রগতি প্রায় ৯৪ শতাংশ হলেও দীর্ঘমেয়াদি জ্বালানি সরবরাহ অনিশ্চিত। প্রকল্পের বাস্তবায়ন সময়সীমা আবারও বাড়ানোর প্রস্তাব এবং বিপুল বিনিয়োগের পরও বাণিজ্যিক উৎপাদন অনিশ্চিত থাকা দেশের বিদ্যুৎ ও জ্বালানি পরিকল্পনার কার্যকারিতা নিয়ে প্রশ্ন তৈরি করেছে। জনগণের অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করতে এ ধরনের প্রকল্পের অর্থনৈতিক ও পরিবেশগত যৌক্তিকতা পুনর্মূল্যায়ন করা প্রয়োজন।

তারা বলেন, জীবাশ্ম জ্বালানির সংকট মোকাবিলায় নতুন করে গ্যাস ও ডিজেল নির্ভরতা তৈরি না করে বিদ্যমান অবকাঠামো ও বিনিয়োগ নবায়নযোগ্য জ্বালানি উৎপাদন এবং বিদ্যুৎ সংরক্ষণ ব্যবস্থায় ব্যবহারের সম্ভাবনা যাচাই করতে হবে। বিশেষ করে সৌরবিদ্যুৎ ও আধুনিক বিদ্যুৎ সংরক্ষণ প্রযুক্তির মাধ্যমে টেকসই জ্বালানি ব্যবস্থা গড়ে তোলার উদ্যোগ নিতে হবে। বক্তারা রূপসা বিদ্যুৎকেন্দ্র পুনর্মূল্যায়ন, জ্বালানি পরিকল্পনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা এবং নবায়নযোগ্য জ্বালানিকে অগ্রাধিকার দেওয়ার দাবি জানান।

মানববন্ধন ও সমাবেশে পরিবেশকর্মী, জ্বালানি অধিকারকর্মী, নাগরিক সমাজের প্রতিনিধি ও স্থানীয় জনগণ অংশগ্রহণ করেন।