মিলি রহমান।।
বিকেলের নাশতায় একবাটি মুড়ি, সঙ্গে পেঁয়াজ, মরিচ আর সরিষার তেল—বাঙালির কাছে বেশ পরিচিত খাবার। তবে উচ্চ রক্তচাপ থাকলে অনেকেই মুড়ি খেতে ভয় পান।
তাদের ধারণা, মুড়ি খেলে রক্তচাপ আরো বেড়ে যেতে পারে। কিন্তু সত্যিই কি মুড়ি উচ্চ রক্তচাপের রোগীদের জন্য ক্ষতিকর?
চিকিৎসকের মতে, মুড়ি নিজে উচ্চ রক্তচাপ বাড়ানোর মতো খাবার নয়। বরং মুড়ির সঙ্গে কী মিশিয়ে খাওয়া হচ্ছে, সেটিই বেশি গুরুত্বপূর্ণ। চাল থেকে তৈরি মুড়িতে লবণের পরিমাণ কম থাকে।
তাই পরিমিত পরিমাণে সাধারণ মুড়ি খেলে রক্তচাপ বেড়ে যাওয়ার আশঙ্কা নেই বলে জানান তিনি।
মুড়ি খেলে রক্তচাপ বাড়ে কেন?
মুড়ির সঙ্গে সাধারণত চানাচুর, ভুজিয়া, আচার, কাসুন্দি কিংবা বিভিন্ন ধরনের মসলা মিশিয়ে খাওয়া হয়। এসব উপকরণে অতিরিক্ত লবণ ও তেল থাকতে পারে। বিশেষ করে বেশি লবণযুক্ত খাবার রক্তচাপ বাড়াতে ভূমিকা রাখে। তাই মুড়ির চেয়ে এর সঙ্গে মেশানো উপকরণ নিয়েই বেশি সতর্ক থাকা প্রয়োজন।
যেভাবে খেতে পারেন মুড়ি
উচ্চ রক্তচাপ থাকলেও কয়েকটি বিষয় খেয়াল রেখে মুড়ি খেতে পারেন।
১. সাধারণ মুড়ি: বাড়তি লবণ বা মসলা না মিশিয়ে সাধারণ মুড়ি খেতে পারেন। তবে পরিমাণের দিকেও খেয়াল রাখতে হবে।
২. সবজি দিয়ে মুড়িমাখা: মুড়ির সঙ্গে পেঁয়াজ, টমেটো, শসা, কাঁচামরিচ ও ধনেপাতা মিশিয়ে খেতে পারেন। এতে স্বাদ বাড়ার পাশাপাশি খাবারে সবজিও যুক্ত হবে।
৩. ছাতু দিয়ে মুড়ি: মুড়ির সঙ্গে অল্প পরিমাণ ছাতু মিশিয়েও খেতে পারেন। তবে পরিমাণে বেশি না খাওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসক।
যেসব উপকরণ এড়িয়ে চলবেন
মুড়ির সঙ্গে অতিরিক্ত লবণযুক্ত চানাচুর, ভুজিয়া, আচার ও পাঁপড় ভাজা না খাওয়াই ভালো। লবণ মেশানো ভাজা বাদাম এবং দোকানের তৈরি ঝালমুড়িও খাওয়ার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। এসব খাবারে বাড়তি লবণ ও মসলা থাকতে পারে।
অর্থাৎ উচ্চ রক্তচাপ থাকলেই মুড়ি বাদ দিতে হবে, এমন নয়। তবে মুড়ির সঙ্গে কী মেশাচ্ছেন এবং কতটা খাচ্ছেন, তা খেয়াল রাখা জরুরি। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খাদ্যাভ্যাস ঠিক রাখুন।











































