Home খেলাধুলা ম্যান্ডেলা নায়ক হলে ইমরান কেন একগুঁয়ে?’—পাকিস্তানে বুদ্ধিজীবীদের প্রশ্ন

ম্যান্ডেলা নায়ক হলে ইমরান কেন একগুঁয়ে?’—পাকিস্তানে বুদ্ধিজীবীদের প্রশ্ন

0

স্পোর্টস ডেস্ক।।

পাকিস্তানের কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের চিকিৎসা নিশ্চিত করতে তার বদলে আদিয়ালা কারাগারে বন্দি থাকার প্রস্তাব দিয়েছেন ব্রিটিশ সাংবাদিক ও মানবাধিকারকর্মী ইভন রিডলি। তার এই সাহসী প্রস্তাবকে কেন্দ্র করে পাকিস্তানের বর্তমান রাজনৈতিক ব্যবস্থা ও বুদ্ধিজীবী সমাজের নীরবতা নিয়ে তীব্র সমালোচনা করেছেন বিশ্লেষক জুনাইদ এস. আহমেদ।

মঙ্গলবার (২৪ নভেম্বর) লন্ডনভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট মনিটরে প্রকাশিত ‘ম্যান্ডেলা নায়ক, খান ধর্মদ্রোহী : ইভন রিডলি পাকিস্তানের কাপুরুষদের মুখোশ উন্মোচন করেছেন’ শীর্ষক এক নিবন্ধে তিনি এই মন্তব্য করেন।

দক্ষিণ আফ্রিকার সালামমিডিয়া রেডিওতে দেওয়া বক্তব্যে রিডলির এই প্রস্তাব ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

তবে বিষয়টি শুধু একজন বিদেশি সাংবাদিকের সংহতি প্রকাশের মধ্যেই সীমাবদ্ধ নেই। এর মধ্য দিয়ে পাকিস্তানের রাজনৈতিক সংকটের দুটি গুরুতর দিক সামনে এসেছে।

একদিকে, ইমরান খান আপস করতে রাজি নন বলেই তার কারাবাস দীর্ঘায়িত হচ্ছে বলে প্রচার করা হচ্ছে। অন্যদিকে, তার এই পরিস্থিতির জন্য দায়ীদের মুখোমুখি হতে দেশটির প্রভাবশালী বুদ্ধিজীবী শ্রেণির অনীহাও স্পষ্ট হয়ে উঠছে। প্রশ্ন উঠেছে, স্বৈরাচারী ক্ষমতার কাছে মাথা নত না করাকে কখন থেকে রাজনৈতিক ব্যর্থতা হিসেবে দেখা হচ্ছে? আর আত্মসমর্পণই বা কখন থেকে প্রজ্ঞার সর্বোচ্চ প্রকাশ হয়ে উঠল?

পাকিস্তানের কথিত রাজনৈতিক বাস্তববাদীরা ইমরান খানকে যে পরামর্শ দিচ্ছেন, তা বেশ সরল।

একগুঁয়েমি ছেড়ে আলোচনায় বসুন, মুক্তির পথ বের করুন, প্রয়োজনে নির্বাসনে যান। ভূমধ্যসাগরীয় অঞ্চলের কোনো বিলাসবহুল ভিলায় অবসর কাটান। ফিল্ড মার্শাল এবং শরিফ ও জারদারি-ভুট্টো পরিবারের রাজনৈতিক অংশীদারদের ক্ষমতা ও সুযোগ-সুবিধা নির্বিঘ্নে ভোগ করতে দিন। কী চমৎকার সমঝোতা! বন্দি মুক্তি পাবেন, আর কারারক্ষীরা পেয়ে যাবেন পুরো দেশ।

এই সমঝোতার জন্য ইমরান খানকে শুধু কয়েকটি বিষয় ছেড়ে দিতে হবে। ২০২৪ সালের ফেব্রুয়ারির নির্বাচনী রায় বাস্তবায়নের দাবি, জনগণের রায়কে অনির্বাচিত ও জবাবদিহিহীন শাসকগোষ্ঠীর হাতে পদদলিত হতে না দেওয়ার অবস্থান এবং পাকিস্তানের সরকার কে গঠন করবে, সেই সিদ্ধান্ত নেওয়ার সার্বভৌম অধিকার জনগণের হাতে রাখার দাবি।

অর্থাৎ, গণতান্ত্রিক অধিকার ও জনগণের ভোটের মর্যাদা রক্ষার দাবিগুলোই এখন অযৌক্তিক বলে বিবেচিত হচ্ছে।

এখানে পুরো পরিস্থিতিকে উল্টোভাবে উপস্থাপন করা হচ্ছে। গণতান্ত্রিক বৈধতা ছাড়াই যারা ক্ষমতা কুক্ষিগত করেছে, তাদের দেখানো হচ্ছে বিচক্ষণ আলোচক হিসেবে। আর তাদের বিরুদ্ধে অবস্থান নেওয়া ইমরান খানকে বলা হচ্ছে একগুঁয়ে। তার কারাবাসের দায়ও চাপানো হচ্ছে তার নিজের ওপর, ক্ষমতাসীনদের ওপর নয়।

এই যুক্তি মেনে নিলে যেকোনো রাজনৈতিক বন্দিই নিজের দুর্ভোগের জন্য দায়ী। কারারক্ষীদের শর্ত মেনে নিতে অস্বীকার করা প্রত্যেক ভিন্নমতাবলম্বীই যেন নিজের নিপীড়ন দীর্ঘায়িত করছেন।

কিন্তু ইতিহাস এই যুক্তির বিপরীত উদাহরণ দেয়।

১৯৮৫ সালের জানুয়ারিতে দক্ষিণ আফ্রিকার বর্ণবাদী শাসক পি ডব্লিউ বোথা নেলসন ম্যান্ডেলাকে শর্তসাপেক্ষে মুক্তির প্রস্তাব দেন। শর্ত ছিল, রাজনৈতিক হাতিয়ার হিসেবে সহিংসতা ত্যাগ করতে হবে। তত দিনে দুই দশকের বেশি সময় কারাগারে কাটিয়েছেন ম্যান্ডেলা। মুক্তির সুযোগ ছিল তার সামনে। পরিবারে ফিরে কারাগারের বাইরে থেকে রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর সুযোগও পেতে পারতেন তিনি।

সেই সময়ের কথিত বাস্তববাদীরা নিশ্চয়ই প্রস্তাবটি গ্রহণের পরামর্শ দিতেন। তাদের যুক্তি হতো, একটি শর্ত নিয়ে অনড় থেকে কারাবাস দীর্ঘায়িত করার কী প্রয়োজন? কৌশলগত নমনীয়তা দেখিয়ে মুক্তি পাওয়া গেলে ক্ষতি কী? কিন্তু ম্যান্ডেলা প্রস্তাবটি প্রত্যাখ্যান করেন।

১৯৮৫ সালের ফেব্রুয়ারিতে তার মেয়ে জিন্দজির মাধ্যমে প্রকাশ্যে দেওয়া বক্তব্যে ম্যান্ডেলা বলেছিলেন, ‘শুধু স্বাধীন মানুষই আলোচনায় বসতে পারে। বন্দিরা কোনো চুক্তিতে যেতে পারে না।’

ম্যান্ডেলা আলোচনা ও আত্মসমর্পণের মধ্যে পার্থক্য বুঝতেন। প্রকৃত সমঝোতার জন্য উভয় পক্ষের স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা থাকতে হয়। কিন্তু কারারক্ষী যখন মুক্তির বিনিময়ে বন্দিকে তার সংগ্রামের মৌলিক অবস্থান ত্যাগ করতে বাধ্য করে, তখন সেটি আর স্বাভাবিক আলোচনা থাকে না।

ম্যান্ডেলা নীতিগতভাবে আপসের বিরোধী ছিলেন না। তিনি শুধু এটা মানতে চাননি যে, তার সংগ্রামের বৈধ সীমা নির্ধারণের অধিকার থাকবে কারারক্ষীদের হাতে। শেষ পর্যন্ত ১৯৯০ সালের ফেব্রুয়ারি পর্যন্ত কারাগারেই থাকতে হয় তাকে।

ভাবা যাক, ১৯৮৫ সালে পাকিস্তানের বর্তমান বাস্তববাদীরা ম্যান্ডেলাকে কী পরামর্শ দিতেন। বোথার শর্ত প্রত্যাখ্যান করে আরো পাঁচ বছর কারাগারে থাকা! কী ভয়াবহ একগুঁয়েমি! কী অপচয়! কী দায়িত্বজ্ঞানহীন নেতৃত্ব!

অথচ আজ ম্যান্ডেলার সেই আপসহীনতাকেই নৈতিক সাহস হিসেবে উদ্‌যাপন করা হয়। তাহলে ইমরান খানের অবস্থানকে ব্যক্তিগত অহংকার বা একগুঁয়েমি হিসেবে দেখার কারণ কী?

অবশ্য এই তুলনার অর্থ এই নয় যে বর্ণবাদী দক্ষিণ আফ্রিকা ও বর্তমান পাকিস্তানের রাজনৈতিক বাস্তবতা এক। দুই দেশের ইতিহাসও অভিন্ন নয়। তুলনাটি বরং একটি মৌলিক প্রশ্নকে সামনে আনে: একজন রাজনৈতিক বন্দি কি নিজের মুক্তির বিনিময়ে সেই সামষ্টিক অধিকার বিসর্জন দেবেন, যার প্রতিনিধিত্ব করতে গিয়েই তাকে কারাবন্দি হতে হয়েছে?

ইমরান খান অন্য যেকোনো নেতার মতোই সমালোচনার ঊর্ধ্বে নন। কিন্তু সাংবিধানিক অধিকার ও আইনি সুরক্ষা পাওয়ার যোগ্যতা কোনো রাজনৈতিক নেতার নিখুঁত হওয়ার ওপর নির্ভর করে না।

একইভাবে, সব সমঝোতাই অসম্মানজনক নয়। ম্যান্ডেলাও শেষ পর্যন্ত বর্ণবাদী সরকারের সঙ্গে আলোচনা করেছিলেন। তবে আলোচনায় বসার আগে তিনি নিজের জনগণের রাজনৈতিক আকাঙ্ক্ষা বিসর্জন দেননি।

ইমরান খানের আপসহীনতাকে একগুঁয়েমি আখ্যা দেওয়ার যুক্তির দুর্বলতা এখানেই। তিনি আত্মসমর্পণ করলে কী অর্জিত হবে? ফিল্ড মার্শাল ও তার রাজনৈতিক মিত্ররা কি হঠাৎ নির্বাচনী সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধাশীল হয়ে উঠবেন? জনগণের কেড়ে নেওয়া রায় কি ফিরিয়ে দেওয়া হবে? নাকি পৃষ্ঠপোষকতা, ভয়ভীতি ও দায়মুক্তির ওপর দাঁড়িয়ে থাকা ক্ষমতার কাঠামো নিজে থেকেই ভেঙে পড়বে?

বরং এমন আত্মসমর্পণ একটি বিপজ্জনক দৃষ্টান্ত তৈরি করতে পারে। জনগণের সার্বভৌমত্ব পদদলিত করা যাবে, নির্বাচনী রায় কেড়ে নেওয়া যাবে এবং সেই রায়ের প্রধান সুবিধাভোগীকে কারাগারে আটকে রাখা যাবে, যতক্ষণ না তিনি জনগণের গণতান্ত্রিক অধিকারের দাবি থেকে সরে আসেন।

এখানে সমঝোতার প্রশ্নটি শুধু একজন মানুষের মুক্তির নয়। প্রশ্নটি হলো, পাকিস্তান কার? দেশটির জনগণের, নাকি সেনা কর্মকর্তা, রাজনৈতিক বংশপরম্পরা ও ক্ষমতাসীন ব্যবস্থার সুবিধাভোগীদের একটি জবাবদিহিহীন জোটের?

ক্ষমতাসীনেরা যখন জনগণের নির্বাচিত নেতার কাছে স্বাধীনতার বিনিময়ে গণতান্ত্রিক দাবি ত্যাগের শর্ত দেন, তখন সেটি পুনর্মিলনের প্রস্তাব নয়। বরং একটি জাতিকে তার রাজনৈতিক অধিকার কেড়ে নেওয়ার বিষয়টি মেনে নিতে বাধ্য করার চেষ্টা।

এই জায়গাতেই আপস ও আত্মসমর্পণের পার্থক্য সামনে আসে। আর সেখান থেকেই পাকিস্তানের দ্বিতীয় সংকটের প্রসঙ্গটি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে: দেশটির বুদ্ধিজীবী সমাজের ভূমিকা।

রিডলির অবস্থান একটি বিব্রতকর বৈপরীত্য সামনে এনেছে। একজন বিদেশি সাংবাদিক কারাবরণের ঝুঁকি নিতে প্রস্তুত, অথচ পাকিস্তানের বুদ্ধিজীবীদের একটি বড় অংশ, এমনকি নিজেদের ‘র‍্যাডিক্যাল’ বলে পরিচয় দেওয়া অনেকেও সামান্য পেশাগত অস্বস্তি এড়াতে নীরব থাকছেন।

দেশটিতে নিপীড়নের বিরুদ্ধে লড়াই করতে প্রস্তুত সাধারণ মানুষের অভাব নেই। গণতন্ত্র, মানবাধিকার ও সাংবিধানিক শাসন নিয়ে সম্মেলন, সেমিনার, গবেষণা এবং আন্তর্জাতিক অর্থায়নে পরিচালিত প্রকল্পেরও অভাব নেই।

কিন্তু নীতির প্রশ্নে ধারাবাহিক অবস্থান নেওয়ার মতো সাহসী ‘বুদ্ধিবৃত্তিক অভিজাত’ শ্রেণির অভাব প্রকট। বিশেষ করে, যখন সেই অবস্থান নিতে গেলে ব্যক্তিগত বা পেশাগত স্বার্থে আঘাত লাগতে পারে।

বিশ্ববিদ্যালয় ও বেসরকারি উন্নয়ন সংস্থার সঙ্গে যুক্ত পাকিস্তানের প্রভাবশালী বুদ্ধিজীবীরা অতীতের প্রতিরোধকে উদ্‌যাপন করতে পারদর্শী। কিন্তু রাওয়ালপিন্ডির সেনা নেতৃত্ব এবং তাদের রাজনৈতিক মিত্রদের অধীনে বর্তমান নিপীড়নের বিরুদ্ধে সরব হতে তাদের যথেষ্ট সতর্ক দেখা যায়।

পাকিস্তানের বুদ্ধিজীবীরা ম্যান্ডেলার আপসহীনতাকে সাহস হিসেবে দেখেন, অথচ ইমরান খানের একই ধরনের অবস্থানকে বলেন একগুঁয়েমি। তাহলে বদলেছে কী? নীতি, নাকি সেই নীতির পক্ষে দাঁড়ানোর সাহস?

ইতিহাস একদিন পাকিস্তানের শিক্ষিত ও প্রভাবশালী শ্রেণির কাছে জানতে চাইবে না, তারা ইমরান খানকে পছন্দ করতেন, নাকি অপছন্দ। বরং জানতে চাইবে, একটি অবৈধ ও জবাবদিহিহীন শাসনব্যবস্থার ক্ষমতা ও দায়মুক্তিকে চ্যালেঞ্জ করার ঝুঁকি যখন তৈরি হয়েছিল, তখন তারা জনগণের সার্বভৌম অধিকারের পক্ষে দাঁড়িয়েছিলেন কি না।

নেলসন ম্যান্ডেলাকে নিয়ে আরেকটি সম্মেলন আয়োজন করে এই প্রশ্নের উত্তর দেওয়া যাবে না।