Home খেলাধুলা ব্যাট হাতে দাপট প্রোটিয়াদের, লিড ২৬৫ রান

ব্যাট হাতে দাপট প্রোটিয়াদের, লিড ২৬৫ রান

0

স্পোর্টস ডেস্ক।।

চা বিরতিতে গেল দক্ষিণ আফ্রিকা। তাদের লিড এখন ২৬৫ রান। এই ম্যাচে ইনিংস হার এড়ানোটাই বড় চ্যালেঞ্জ হবে বাংলাদেশের। দিনের দ্বিতীয় সেশনে ২ উইকেট তুললেও একশর বেশি রান দিয়েছে বাংলাদেশ। ৫ উইকেটে ৩৫৬ রান নিয়ে চা-বিরতিতে দক্ষিণ আফ্রিকা।

ব্রিটজকে-রিকেলটনকে ফিরিয়ে লড়াইয়ে বাংলাদেশ

দুই সেট ব্যাটার ম্যাথু ব্রিটজকে ও রায়ান রিকেলটনকে ফিরিয়ে ম্যাচে ফেরার চেষ্টা করছে বাংলাদেশ। তবে প্রথম ইনিংসে বড় লিড নেওয়ার পথে ভালোভাবেই এগোচ্ছে দক্ষিণ আফ্রিকা। ৬৭ ওভার শেষে স্বাগতিকদের সংগ্রহ ৫ উইকেটে ৩১০ রান। লিড ২১৯ রানের।

ব্রিটজকেকে আরও আগে ফেরাতে পারতো বাংলাদেশ। বড় একটি সুযোগ হাতছাড়া করেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এবাদতের অফ স্টাম্পের বাইরের বলে ব্যাট চালিয়েছিলেন ১০ রানে থাকা ম্যাথু ব্রিটজকে। শান্ত আঙুল ছোঁয়াতে পারলেও ক্যাচটি জমাতে পারেননি। এর আগে ৭ রানে টনি ডি জর্জির ফিরতি ক্যাচ নিতে ব্যর্থ হয়েছিলেন তাসকিন আহমেদও।

জীবন পেয়েও অবশ্য ইনিংস বড় করতে পারেননি ব্রিটজকে। খালেদের বলে ঠিকমতো টাইমিং করতে না পেরে কাভারে জাকের আলী অনিকের হাতে সহজ ক্যাচ দিয়ে ফেরেন তিনি। ৩৯ বলে চারটি চারের সাহায্যে ২০ রান করেন ব্রিটস্কি। তার বিদায়ে ভাঙে ৫৭ বল স্থায়ী ৩৪ রানের জুটি।

ব্রিটজকের পর ক্রিজে এসে আক্রমণাত্মক ব্যাটিং শুরু করেছিলেন আগের ম্যাচের সেঞ্চুরিয়ান রায়ান রিকেলটন। কিন্তু তাকে বেশিক্ষণ টিকতে দেননি বাঁহাতি পেসার শরিফুল ইসলাম। ২৪ বলে তিন চারে ২০ রান করে তিনি ফিরলে ভাঙে ৫০ বলে ৪৩ রানের জুটি। পঞ্চম উইকেটের পতনের পর উইকেটে টনি ডি জর্জির সঙ্গে যোগ দিয়েছেন উইয়ান মুল্ডার।

অ্যাকারম্যানকে ফিরিয়ে স্বস্তি দিলেন শরিফুল

সেঞ্চুরিয়ন টেস্টের দ্বিতীয় দিনের প্রথম সেশনে দাপট দেখিয়েছে দক্ষিণ আফ্রিকা। প্রথম সেশন শেষে ৪৬ ওভারে ৩ উইকেট হারিয়ে ২২৮ রানে দক্ষিণ আফ্রিকা।

প্রথম টেস্টের প্রথম ইনিংসে ১৫৭ রান করেছিলেন বাঁহাতি ব্যাটার মার্কাস অ্যাকারম্যান। দ্বিতীয় টেস্টেও সেই ছন্দ ধরে রেখে অনেকটা ওয়ানডে মেজাজে রান তুলেছেন তিনি। বিধ্বংসী এই ব্যাটারকে ফিরিয়ে বাংলাদেশকে স্বস্তি এনে দেন শরিফুল ইসলাম। বাঁহাতি পেসারের ফুলটস বলে এলবিডব্লিউ হন অ্যাকারম্যান। তার বিদায়ে ভাঙে ৭৮ বল স্থায়ী ৭৪ রানের জুটি। ১৩৮ বলে ২৩ চার ও চার ছয়ে ১৫০ রান করেন অ‍্যাকারম‍্যান। টেস্টে এটিই দক্ষিণ আফ্রিকার হয়ে দ্রুততম দেড়শ রানের রেকর্ড।

হামজাকে ফিরিয়ে ৯৬ রানের জুটি ভাঙলেন খালেদ

সেঞ্চুরিয়ন টেস্টে অবশেষে দ্বিতীয় উইকেটের দেখা পেয়েছে বাংলাদেশ। খালেদ আহমেদের বলে মাহফিজুলের হাতে ক্যাচ দিয়ে ফিরেছেন জুবাইর হামজা। ৬১ বলে তিনটি চারে ২৭ রান করেন তিনি। এতে ভাঙে অ্যাকারম্যানের সঙ্গে তার ৯৬ রানের জুটি। ৩১ ওভারে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ২ উইকেটে ১৪৫ রান। ক্রিজে মার্কেস অ্যাকারম্যানের সঙ্গী টনি ডি জর্জি।

অ্যাকারম্যানের হাফ সেঞ্চুরি, দক্ষিণ আফ্রিকার লিড

দিনের দ্বিতীয় ওভারে শরিফুল ইসলামকে স্লিপ কর্ডনের ফাঁক দিয়ে চার মেরে টেস্ট ক্যারিয়ারের ১৬তম ফিফটি পূর্ণ করেন মার্কেস অ্যাকারম্যান। এই বাউন্ডারিতেই বাংলাদেশের ৯১ রানের সংগ্রহ ছাড়িয়ে লিড নেয় দক্ষিণ আফ্রিকা।

ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা বাংলাদেশের

ব্যাটিং ব্যর্থতায় প্রথম দিনেই ৯১ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। জবাবে দিনশেষে ১৭ ওভারে ১ উইকেটে ৮৮ রান তোলে দক্ষিণ আফ্রিকা, পিছিয়ে ছিল মাত্র ৩ রানে। ৫৩ বলে সাতটি চারে ৪৬ রানে অপরাজিত ছিলেন অ্যাকারম্যান, হামজা ২৭ বলে ৯ রানে।

দুজনই শুরুতে জীবন পেয়েছিলেন। অ্যাকারম্যানের বিপক্ষে এলবিডব্লিউর রিভিউ নিলে শূন্য রানেই ফিরতে পারতেন তিনি। অন্যদিকে হৃদয় ক্যাচ ধরতে পারলে ২ রানেই আউট হতেন হামজা। দ্বিতীয় দিন দ্রুত উইকেট তুলে প্রতিপক্ষকে কম রানে আটকে রাখাই বাংলাদেশের লক্ষ্য।