স্পোর্টস ডেস্ক।।
প্রায় দীর্ঘ ৬২ মাস পর ঢাকার জাতীয় স্টেডিয়ামে ফিরল ঘরোয়া ফুটবল। ফেডারেশন কাপে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটিকে ৩-০ গোলে হারিয়ে ঐতিহাসিক এই প্রত্যাবর্তনের দিনটি রাঙিয়েছে ফর্টিস এফসি।
দুপুর আড়াইটায় শুরু হওয়া ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে ফর্টিস। আক্রমণভাগে জাতীয় দলের ফরোয়ার্ড শুকি ইতোফুসা না থাকলেও সাফ চ্যাম্পিয়নশিপে গোল পাওয়া মোহাম্মদ ইব্রাহিমকে নিয়ে প্রতিপক্ষের রক্ষণে চাপ ধরে রাখে তারা। প্রথমার্ধের শেষ দিকে এসে গোলের দেখা পায় ফর্টিস।
৪৫ মিনিটে অধিনায়ক ওমর বাবুর নেওয়া কর্নার রহমতগঞ্জের এক ডিফেন্ডার হেডে ক্লিয়ার করতে গেলে বল চলে যায় ডি-বক্সের সামনে থাকা এরিক বিষ্টার পায়ে। সেখান থেকে বাঁ পায়ের জোরালো শটে গোলরক্ষককে পরাস্ত করে দলকে এগিয়ে নেন বিষ্টা। ১-০ গোলের লিড নিয়ে বিরতিতে যায় ফর্টিস।
বিরতির পর সমতায় ফিরতে মরিয়া হয়ে বেশ কয়েকটি আক্রমণ শানায় রহমতগঞ্জ। তবে ফিনিশিংয়ের ব্যর্থতায় গোলের দেখা পায়নি পুরান ঢাকার ক্লাবটি। উল্টো ৬৩ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে ফর্টিস। ডান প্রান্ত দিয়ে আক্রমণে ওঠার সময় ফাউলের শিকার হন ওমর বাবু। বক্সের ঠিক সামনে পাওয়া ফ্রি-কিক থেকে সরাসরি শটে জাল খুঁজে নেন ফর্টিস অধিনায়ক। গোল করার পর জার্সির ভেতর বল ঢুকিয়ে নতুন বাবা হওয়ার আনন্দ উদ্যাপন করেন তিনি।
শেষ দিকে ফর্টিসের আরেকটি গোলে ব্যবধান দাঁড়ায় ৩-০। এর আগে ৬৫ মিনিটে সহজ সুযোগ হাতছাড়া করেন প্রিন্স, আর ৮৫ মিনিটে বক্সের সামনে ফ্রি-কিক পেয়েও কাজে লাগাতে পারেনি রহমতগঞ্জ। ফলে বড় হার নিয়েই মাঠ ছাড়তে হয় তাদের।











































