আন্তর্জাতিক ডেস্ক।।
পারস্য উপসাগরের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে নৌমাইন বিস্ফোরণে চতুর্থ একটি তেলবাহী জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) নৌবাহিনী।
ইরানের অনুমোদনহীন পথে চলাচলের সময় জাহাজটি মাইনের আঘাতে পড়ে বলে জানিয়েছে সংস্থাটি।
আইআরজিসি নৌবাহিনীর দাবি, এর আগে একই জলপথে নৌমাইনের আঘাতে আরো তিনটি জাহাজে আগুন ধরে যায়। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনার বরাতে নৌবাহিনীর জনসংযোগ দপ্তর এ তথ্য জানিয়েছে।
তবে চতুর্থ জাহাজটির নাম, এর মালিকানা, ক্ষয়ক্ষতির পরিমাণ কিংবা হতাহতের বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।
সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইরানের অনুমতি ছাড়া হরমুজ প্রণালি দিয়ে চলাচলের চেষ্টা করা জাহাজগুলোর ওপর হামলার ঘটনা বেড়েছে।
কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই জলপথের নিয়ন্ত্রণ নিজেদের হাতে রয়েছে—তেহরানের এমন দাবির পক্ষে অবস্থান জানান দিতেই এসব পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।











































