Home Lead খুলনায় দিনভর ৫ স্থানে গুলি, নিষিদ্ধ আ.লীগ নেতা নিহত; আতঙ্ক

খুলনায় দিনভর ৫ স্থানে গুলি, নিষিদ্ধ আ.লীগ নেতা নিহত; আতঙ্ক

3


স্টাফ রিপোর্টার।।


খুলনা মহানগরে এক দিনের ব্যবধানে দুর্বৃত্তদের গুলিতে নিহত হয়েছেন সাবেক আওয়ামী লীগ নেতা ও একটি সন্ত্রাসী গ্রুপের সক্রিয় সদস্য আব্দুল হালিম। এ ছাড়া চায়ের দোকান, রেস্টুরেন্ট, পরিবহন ব্যবসায়ী ও একটি সন্ত্রাসী গ্রুপের প্রধানের ভগ্নিপতির বাড়ি লক্ষ্য করে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। সদর, সোনাডাঙ্গা, লবণচরা, আড়ংঘাটা ও দৌলতপুর থানা এলাকায় এসব ঘটনা ঘটে।
একের পর এক খুনের ঘটনা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রেক্ষাপটে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) কমিশনার মো. সাজ্জাদুর রহমানকে সরিয়ে পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে। গত মঙ্গলবার (২৪ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা পৃথক দুটি প্রজ্ঞাপনে এই বদলি ও পদায়নের আদেশ দেওয়া হয়।


সূত্র জানায়, মঙ্গলবার দুপুর থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত পৃথক পাঁচটি গুলির ঘটনায় একজন নিহত হলেও অন্য ঘটনাগুলোতে কেউ হতাহত হননি। তবে দিনদুপুরে একের পর এক গুলিবর্ষণে নগরজুড়ে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে; বিশেষ করে ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।


আড়ংঘাটার শলুয়ায় চায়ের দোকানে গুলি
: পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় আড়ংঘাটা থানার শলুয়া সুইস গেটসংলগ্ন পান্নু খলিফার চায়ের দোকান লক্ষ্য করে মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা পরপর তিন রাউন্ড গুলি ছোড়ে। মুখে মাস্ক ও মাথায় হেলমেট থাকায় হামলাকারীদের চেনা যায়নি। গুলির শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়লে প্রাণ বাঁচাতে দোকানে থাকা লোকজন পাশের নদীতে ঝাঁপ দেন। পরে দুর্বৃত্তরা সুইস গেট পার হয়ে আরও দুই রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে পালিয়ে যায়। আড়ংঘাটা থানা পুলিশ ঘটনাস্থল থেকে দুটি গুলির খোসা ও এক রাউন্ড তাজা গুলি উদ্ধার করেছে। এ ঘটনায় কেউ হতাহত হননি; জড়িতদের শনাক্ত ও কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে।


সোনাডাঙ্গায় রেস্টুরেন্ট খোলার কয়েক ঘণ্টার মধ্যেই গুলি: এর আগে বিকেল সাড়ে ৪টার দিকে সোনাডাঙ্গা থানার গাজী মেডিকেল কলেজের সামনে অবস্থিত পালংকি রেস্টুরেন্ট লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছুড়ে পালিয়ে যায় মোটরসাইকেল আরোহী দুর্বৃত্তরা। এর কিছুক্ষণ পরই মুঠোফোনে রেস্টুরেন্ট মালিককে হত্যার হুমকি দেওয়া হয়। রেস্টুরেন্ট কর্তৃপক্ষের দাবি, একটি সন্ত্রাসী বাহিনীর সদস্য পরিচয়ে চাঁদা না দেওয়ায় হুমকির মুখে গত এক মাসে প্রায় ১৫ দিন প্রতিষ্ঠানটি বন্ধ ছিল। মঙ্গলবার পুলিশের হস্তক্ষেপে রেস্টুরেন্টটি খোলার কয়েক ঘণ্টার মধ্যেই এই হামলার ঘটনা ঘটে। সোনাডাঙ্গা থানার ওসি মো. রফিকুল ইসলাম জানান, সিসিটিভি ফুটেজ দেখে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।


লবণচরায় পরিবহন ব্যবসায়ীর বাড়িতে গুলি: অন্যদিকে, মঙ্গলবার দুপুর পৌনে ৩টার দিকে লবণচরা থানার মোহাম্মাদীয়া পাড়ার ৪ নম্বর গলিতে পরিবহন ব্যবসায়ী টুটুলের বাড়ি লক্ষ্য করে দুই রাউন্ড গুলি ছোড়ে দুর্বৃত্তরা। বাড়ির পেছনের একটি বাড়ির ভেতর দিয়ে এসে শোবার ঘরের জানালার থাই গ্লাস লক্ষ্য করে গুলি চালানো হয়। এতে জানালার কাচ ভেঙে গেলেও পরিবারের কেউ আহত হননি। টুটুল জানান, মোংলায় তাঁর পরিবহন ব্যবসার কার্যালয় রয়েছে; এর আগেও হোয়াটসঅ্যাপে একটি বাহিনীর ছবি পাঠিয়ে ভয়ভীতি দেখানো হয়েছিল। লবণচরা থানার ওসি সৈয়দ মোশাররফ হোসেন বলেন, হামলার কারণ ও জড়িতদের বিষয়ে তদন্ত চলছে।


সদরে ‘আশিক বাহিনীর’ প্রধানের ভগ্নিপতির বাড়িতে হামলা: খুলনা সদর থানার ওসি মো. লোকমান হোসেন রিপন জানান, মঙ্গলবার দুপুর ১২টার দিকে সদর থানার ২২ নম্বর ওয়ার্ডে সন্ত্রাসী ‘আশিক বাহিনীর’ প্রধান আশিকের ভগ্নিপতির বাড়িতে প্রতিদ্বন্দ্বী একটি সন্ত্রাসী গ্রুপের সদস্যরা গুলি করেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি।


দৌলতপুরে সাবেক আ.লীগ নেতা নিহত: এক দিনের ব্যবধানে একের পর এক গুলির ঘটনার মধ্যেই মঙ্গলবার রাত ৮টার দিকে দৌলতপুর থানাধীন কল্পতরু মার্কেটের পাশে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন সাবেক আওয়ামী লীগ নেতা ও একটি সন্ত্রাসী গ্রুপের সদস্য আব্দুল হালিম। মাথা ও বুকে গুলিবিদ্ধ অবস্থায় তাঁকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সার্জারি বিভাগের ৯ ও ১০ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।


নিহত আব্দুল হালিম স্থানীয়ভাবে খুলনা মহানগরীর ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক হিসেবে পরিচিত ছিলেন। তিনি ওয়ার্ড যুবলীগের রাজনীতির সঙ্গেও সম্পৃক্ত ছিলেন বলে জানা গেছে। স্থানীয় সূত্রের দাবি, তিনি দৌলতপুরের নিহত সন্ত্রাসী রাশুর গ্রুপের সক্রিয় সদস্য ছিলেন।


দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদুল ইসলাম গুলিবিদ্ধ হয়ে আব্দুল হালিমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। কেএমপির ডেপুটি কমিশনার সুদর্শন কুমার রায় জানান, দৌলতপুর ও আড়ংঘাটাসহ সংশ্লিষ্ট ঘটনাগুলোর তদন্তে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে এবং জড়িতদের চিহ্নিত করে দ্রুত গ্রেপ্তার করা হবে।

নাগরিক সমাজের উদ্বেগ: খুলনা নাগরিক সমাজের সদস্যসচিব অ্যাডভোকেট বাবুল হাওলাদার বলেন, চাঁদার দাবিতে ব্যবসা বন্ধ রাখতে বাধ্য হওয়া, খোলার পরপরই গুলি ও হত্যার হুমকি এবং দিনদুপুরে বসতবাড়িতে হামলার ঘটনায় নগরবাসীর নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। এসব ঘটনার পেছনের উদ্দেশ্য উদ্ঘাটন ও জড়িতদের চিহ্নিত করা এখন পুলিশের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।