আন্তর্জাতিক ডেস্ক।।
ভারতের সাবেক প্রধানমন্ত্রী রাজীব গান্ধীকে হত্যার সুযোগ তৈরি করতেই তার বিশেষ নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছিল বলে বিস্ফোরক দাবি করেছেন ছেলে ও লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী।
এর মধ্য দিয়ে ১৯৯১ সালের সেই হত্যাকাণ্ডের পেছনে নিরাপত্তা তুলে নেওয়ার দীর্ঘদিনের বিতর্ক নতুন করে উসকে দিলেন তিনি।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে মা সোনিয়া গান্ধীর সদ্য প্রকাশিত আত্মজীবনী ‘বিলংগিং: আ জার্নি অব লাভ’ নিয়ে ২৪ মিনিটের একটি কথোপকথনের ভিডিও প্রকাশ করেন রাহুল। সেখানে তিনি দাবি করেন, রাজীব গান্ধীর নিরাপত্তা প্রত্যাহার কোনো সাধারণ প্রশাসনিক সিদ্ধান্ত ছিল না; বরং তাকে হত্যার পরিস্থিতি তৈরি করতেই এমনটা করা হয়েছিল।
কথোপকথনে সোনিয়া গান্ধী ১৯৯১ সালে বিহারের নির্বাচনী প্রচারণার স্মৃতিচারণ করেন। সে সময় ২০ বছর বয়সি রাহুল বাবার সঙ্গে প্রচারে গিয়ে পাথর নিক্ষেপের মুখে পড়েছিলেন। বাড়ি ফিরে রাহুল মাকে সতর্ক করে বলেছিলেন, বাবার নিরাপত্তার ব্যবস্থা না নিলে শিগগিরই হয়তো তাকে বাবার শেষকৃত্যে অংশ নিতে হবে।
উল্লেখ্য, ১৯৮৯ সালে ভিপি সিং সরকার ক্ষমতায় আসার পর আইনি কারণ দেখিয়ে রাজীব গান্ধীর ‘বিশেষ সুরক্ষা গোষ্ঠী’র (এসপিজি) নিরাপত্তা প্রত্যাহার করে নেয়। এর পরপরই ১৯৯১ সালের ২১ মে তামিলনাড়ুর শ্রীপেরুমবুদুরে নির্বাচনী জনসভায় এলটিটিইর আত্মঘাতী বোমা হামলায় নিহত হন রাজীব। রাহুলের এই মন্তব্যে সাড়ে তিন দশক পর পুরোনো বিতর্ক আবারও সামনে এলো।











































