Home আঞ্চলিক খুলনা জেলা পুলিশে রেড অ্যালার্ট: রাতে একা চলাচলে কঠোর নিষেধাজ্ঞা, ইউনিট প্রধানদের...

খুলনা জেলা পুলিশে রেড অ্যালার্ট: রাতে একা চলাচলে কঠোর নিষেধাজ্ঞা, ইউনিট প্রধানদের বিশেষ নির্দেশ

3


স্টাফ রিপোর্টার।।
কেএমপি সদর দপ্তরের ঢিল ছোড়া দূরত্বে এক পুলিশ পরিদর্শককে চাপাতি দিয়ে কুপিয়ে রক্তাক্ত করার ঘটনার পর এবার খুলনা জেলা পুলিশের অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় রাতের বেলা পুলিশ সদস্যদের একা চলাচলের ওপর কঠোর নিষেধাজ্ঞা জারি করেছে জেলা পুলিশ প্রশাসন।


গতকাল শুক্রবার রাতে খুলনা জেলা পুলিশ সুপারের ডিএসবি (ডিষ্ট্রিক্ট স্পেশাল ব্রাঞ্চ) শাখা থেকে জেলার সব থানা ও ইউনিটে জরুরি এক চিঠির মাধ্যমে এই নির্দেশনা পাঠানো হয়। চিঠিতে প্রতিটি ইউনিট প্রধান বা ইনচার্জকে নিজ নিজ অধিনস্থ ফোর্সদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য কঠোর তাগিদ দেওয়া হয়েছে।


বিশেষ নির্দেশনায় বলা হয়, চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং রূপসা, তেরখাদা, দিঘলিয়া ও বটিয়াঘাটা থানা এলাকায় পরিচালিত বিশেষ অভিযানের প্রেক্ষাপটে পুলিশ সদস্যদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে। বিশেষ করে নৈশকালীন দায়িত্ব পালন কিংবা যাতায়াতের সময় কোনোভাবেই এককভাবে চলাচল করা যাবে না।


উল্লেখ্য, গত বৃহস্পতিবার গভীর রাতে নগরীর খানজাহান আলী রোডস্থ খুলনা কলেজিয়েট স্কুলের সামনে দুর্বৃত্ত ও ছিনতাইকারীদের নৃশংস হামলার শিকার হন পুলিশ পরিদর্শক শাহ আলম (৪৩)। রূপসা এলাকায় বিশেষ অভিযান শেষ করে ফেরার পথে চাপাতির একের পর এক কোপে তাঁর দুই হাতের কবজি মারাত্মকভাবে জখম হয়। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে রাজারবাগ পুলিশ লাইনস হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।


ঘটনার গুরুত্ব তুলে ধরে খুলনার পুলিশ সুপার (এসপি) সরকার ওমর ফারুক জানান, বিশেষ অভিযান ও দায়িত্ব পালন শেষে ব্যক্তিগত নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে এই বিশেষ বার্তা প্রদান করা হয়েছে। কোনো সদস্য যাতে ঝুঁকির মুখে না পড়েন, সে জন্য কড়া নজরদারি ও সতর্কতামূলক পদক্ষেপ নিতে নির্দেশ দেওয়া হয়েছে।


চিঠির অনুলিপি জেলা পুলিশের সর্বস্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, সার্কেল এসপি এবং সব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) কাছে ইতোমধ্যে পাঠিয়ে দ্রুত বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয়েছে।