মাগুরা প্রতিনিধি
মাগুরায় স্বামীকে গাছের সঙ্গে বেঁধে রেখে স্ত্রীকে (৪৫) সংঘবদ্ধ ধষর্ণের অভিযোগ আনা হয়েছে। এ বিষয়ে অজ্ঞাত ৫ জনকে আসামি করে রবিবার (২০ নভেম্বর) দুপুরে মাগুরা সদর থানায় মামলা করেছেন নির্যাতনের শিকার নারী। শনিবার (২১ নভেম্বর) রাত সাড়ে ৭টার দিকে মাগুরা সদর উপজেলার জাগলা গ্রামের একটি মাঠে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগীর স্বামী সিদ্দিক জোয়াদ্দার জানান, তিনি ও তার স্ত্রী আমন ধান মৌসুমে ঘোড়ার গাড়িতে করে বিভিন্ন গ্রামে গ্রামে গিয়ে কামলার মাধ্যমে ধান সংগ্রহের কাজ করেন। গত প্রায় বিশ দিন আগে ধান সংগ্রহের জন্য ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার বইনদে খালী থেকে মাগুরা সদরের জাগলা গ্রামে আসেন। থাকার জায়গা না থাকায় তারা জাগলা এলাকার মাঠে পলিথিনের তাবু খাটিয়ে রাতযাপন করেন। শনিবার রাতে অপরিচিত পাঁচ জনের একটি সংঘবদ্ধ চক্র ধারালো অস্ত্র নিয়ে তাদের ওপর চড়াও হয়। এ সময় হত্যার হুমকি দিয়ে তাকে একটি গাছের সঙ্গে বেঁধে ফেলে। এরপর তার স্ত্রীকে জোর করে ধরে পাশ্ববর্তী একটি পুকুরের কাছে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ করে। এ সময় তার কাছে থাকা ৫ হাজার টাকাও ছিনিয়ে নেয়। ধর্ষকরা কাউকে কিছু না জানানোর হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। পরে তাদের চিৎকারে এলাকার লোকজন এসে উদ্ধার করে। রবিবার দুপুরে নির্যাতিতা গৃহবধূ বাদী হয়ে সদর থানায় অজ্ঞাত ৫ জনকে আসামি করে মামলা দায়ের করেন।
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জয়নাল আবেদীন মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, ইতিমধ্যে নির্যাতিতা গৃহবধূর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। ধর্ষকদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান চলছে।











































