স্পোর্টস ডেস্ক।।
ইংলিশ কাউন্টি চ্যাম্পিয়নশিপে প্রথম দফায় বল হাতে দুর্দান্ত পারফর্ম করেছিলেন হাসান মাহমুদ। জিম্বাবুয়ে ও অস্ট্রেলিয়া সফর শেষে ইংল্যান্ডে ফেরার ম্যাচেও বল হাতে উজ্জ্বল বাংলাদেশের ডানহাতি এই পেসার।
ওরচেস্টারশায়ারের বিপক্ষে প্রথম ইনিংসে ৪ উইকেট নিয়েছিলেন হাসান; দ্বিতীয় ইনিংসে নিয়েছেন ৩টি। ৭ উইকেট পাওয়ার ম্যাচে ৮৪ রানের জয় পেয়েছে তার দল কেন্ট।
ক্যান্টারবুরির সেন্ট লরেন্স গ্রাউন্ডে ম্যাচের প্রথম ইনিংসে ২৩৮ রানে অল আউট হয় কেন্ট। তবে প্রথম দিনের শেষ বিকেলে দুর্দান্ত বোলিংয়ে টানা দুই বলে ২ উইকেট এনে দিয়েছিলেন হাসান।
দ্বিতীয় দিন নেন আরো ২ উইকেট। তার এমন বোলিংয়ে ওরচেস্টারশায়ার ২১৭ রানে গুটিয়ে গেলে ২১ রানের লিড নেয় কেন্ট। দ্বিতীয় ইনিংসে ৩৫৮ রান তোলে কেন্ট। স্বাগতিকদের হয়ে সর্বোচ্চ ১৩২ রান করেন স্যাম নর্থইস্ট।
এ ছাড়া জ্যাক ক্রলি ৫৪, ড্যানিয়েল বেল-ড্রুমন্ড ৪৪ এবং ক্রিস বেঞ্জামিন ৩৬ রান করেন। প্রথম ইনিংসে ৪ রানে অপরাজিত থাকা হাসান দ্বিতীয় ইনিংসে করেন ৬ রান।
৩৮০ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে শুরুতেই ধাক্কা খায় ওরচেস্টারশায়ার। মাত্র ৩৯ রানে ৩ উইকেট হারায় অতিথিরা। পরবর্তীতে অ্যাডাম হুস ও ব্রেট ডি’ওলিভেইরা মিলে জুটি গড়েন।
তাদের দুজনের জমে ওঠা জুটি ভাঙেন হাসান। ডানহাতি পেসারের দুর্দান্ত এক ডেলিভারিতে এলবিডব্লিউ হয়ে ফেরেন ৩৮ রান করা হুস। এরপর হেনরি কালেনকে নিয়ে জুটি গড়েন ডি’ওলিভেইরা।
তাদের গুরুত্বপূর্ণ জুটিও ভাঙেন হাসান। বাংলাদেশের পেসারের বলে বোল্ড হন ৪৫ রানের ইনিংস খেলা কালেন।
শেষ দিকে বেন অ্যালিসনের উইকেটও নিয়েছেন হাসান। তার সঙ্গে তিনটি করে উইকেট নিয়েছেন কিথ ডাজন ও ম্যাট মিলনস। ডি’ওলিভেইরার সেঞ্চুরির পরও ২৯৫ রানে অল আউট হয় ওরচেস্টারশায়ার।
বাংলাদেশের আরেক পেসার খালেদ আহমেদও কেন্টের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন। তবে এই ম্যাচে তার অভিষেক হয়নি।










































