Home খেলাধুলা আবারো আলোচনায় ৪ দিনের টেস্ট

আবারো আলোচনায় ৪ দিনের টেস্ট

2

স্পোর্টস ডেস্ক।।

টেস্ট ক্রিকেট ৫ দিনের খেলা হলেও ম্যাচ কি সত্যিই পঞ্চম দিনে গড়াচ্ছে? সাম্প্রতিক কিছু ম্যাচ এবং পরিসংখ্যান এই প্রশ্ন আবার সামনে এনে দিয়েছে।

স্কাই স্পোর্টসের এক বিশ্লেষণে দেখা গেছে, চলতি দশকে এখন পর্যন্ত মাত্র ৪১.৪৩% টেস্ট পঞ্চম দিনে গড়িয়েছে। অর্থাৎ, গড়ে পাঁচটির মধ্যে তিনটি টেস্ট শেষ হয়ে যাচ্ছে পঞ্চম দিন শুরুর আগেই।

তাই নতুন করে আলোচনায় ৪ দিনের টেস্ট। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ২০২৭-২৯ চক্র থেকে আবার এটি ফেরানোর জোর আলোচনা চলছে। তবে তিন মোড়ল ভারত, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড ৫ দিনের টেস্টেই স্থির থাকতে চায়।

অপেক্ষাকৃত ছোট দলেরা নিজেদের মধ্যে অথবা বড় দলেরা ছোট দলের বিপক্ষে ৪ দিনের টেস্ট খেলুক, এটিই তাদের চাওয়া।
আধুনিক যুগে ৪ দিনের টেস্ট হয়েছে চারটি—২০১৭ সালে দক্ষিণ আফ্রিকা-জিম্বাবুয়ে, ২০১৯ ও ২০২৩ সালে ইংল্যান্ড-আয়ারল্যান্ড এবং সর্বশেষ ২০২৫ সালে ইংল্যান্ড-জিম্বাবুয়ে মুখোমুখি হয়েছে। সবকটি টেস্ট ৩ দিনের মধ্যে জিতে নিয়েছে দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ড।

সম্প্রতি অস্ট্রেলিয়া-বাংলাদেশ টেস্ট সিরিজ এবং ইংল্যান্ড-পাকিস্তান সিরিজের প্রথম দুই ম্যাচের ‘আয়ু’ আবারো এই আলোচনা জোরালো করেছে।

ডারউইনে অস্ট্রেলিয়াকে ৪ দিনের মধ্যে হারিয়ে ইতিহাস গড়েছে বাংলাদেশ। ম্যাকাইয়ে বাংলাদেশকে ২ দিনের মধ্যে হারিয়ে পাল্টা জবাব দিয়েছে অস্ট্রেলিয়া। এদিকে ইংল্যান্ডের কাছে হেডিংলি টেস্ট ৩ দিনে এবং লর্ডস টেস্ট ৪ দিনে হেরেছে পাকিস্তান।

কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে, একটি টেস্ট ম্যাচ তাত্ত্বিকভাবে ৪৫০ ওভারের খেলা হলেও এর অর্ধেক ২২৫ ওভারের মধ্যে ফল আসছে।

পরিসংখ্যান বলছে, এই দশকে টেস্ট ম্যাচ দ্রুত শেষ হচ্ছে।

এর পেছনে রয়েছে ব্যাটারদের আগ্রাসন, দ্রুত রান তোলার তাড়না, কার্যকর বোলিং, ফলাফলমুখী পিচ তৈরি, ড্র করার প্রবণতা বা মানসিকতা থেকে বেরিয়ে আসা এবং বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রভাব। ২০২৩-২৫ চক্রে ৭০ টেস্টের ৫১টিই শেষ হয়েছে ৪ দিনের মধ্যে।
প্রস্তাবিত ৪ দিনের টেস্টে প্রতিদিন ৯৮ ওভার করে খেলা হবে। ২০০০ থেকে ২০২০ সালের মধ্যে ফল হওয়া ৭০৪টি টেস্ট বিশ্লেষণ করে দেখা গেছে, ৮৫ শতাংশই ৩৯২ ওভারের মধ্যে শেষ হয়েছে।

তবে ৪ দিনের টেস্ট বাস্তবায়ন হওয়ার ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা হতে পারে বৃষ্টি। ২০২৩-২৫ চক্রে ড্র হওয়া চার টেস্টেই বৃষ্টির বড় প্রভাব ছিল। এমনকি সম্প্রতি শ্রীলঙ্কা-ভারতের কলম্বো টেস্ট ড্র হওয়ার পেছনেও দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ দিনে বৃষ্টির ভূমিকা আছে।

তাই টেস্টের পঞ্চম দিন বাদ দিলে বৃষ্টিতে নষ্ট হওয়া ওভার পুষিয়ে নেওয়ার সুযোগ কমে যাবে।

জাভেদ মিয়াঁদাদ, ক্রিস গেইল, গ্লেন ম্যাকগ্রা, মাহেলা জয়াবর্ধনেদের মতো কিংবদন্তিরাও ৪ দিনের টেস্টের বিরোধিতা করেছেন।