Home খেলাধুলা টস করতে নেমেই বিশ্বরেকর্ড হারমানপ্রীতের

টস করতে নেমেই বিশ্বরেকর্ড হারমানপ্রীতের

5

স্পোর্টস ডেস্ক।।

নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে মাঠে নেমেই এক অনন্য বিশ্বরেকর্ড গড়েছেন ভারত অধিনায়ক হারমানপ্রীত কৌর। টস করতে নামার সঙ্গে সঙ্গেই ইতিহাসের পাতায় নাম লেখান হারমানপ্রীত।

বিশ্বের প্রথম ক্রিকেটার (পুরুষ ও নারী উভয় বিভাগ মিলিয়ে) হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে অধিনায়ক হিসেবে ১৫০ ম্যাচ খেলার ঐতিহাসিক মাইলফলক স্পর্শ করলেন তিনি। নারী ক্রিকেটে ১২১ ম্যাচ নিয়ে এই তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন শ্রীলঙ্কার চামারি আতাপাত্তু।

ম্যাচ শুরুর আগে ক্রিকেটপ্রেমীদের মনে সবচেয়ে বড় কৌতূহল ছিল দুই দেশের অধিনায়কের সৌজন্যমূলক করমর্দন নিয়ে। তবে টসের সময় সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ভারত অধিনায়ক এবং পাকিস্তানের অধিনায়ক ফাতিমা সানা করমর্দন করা থেকে বিরত থাকেন।

শুধু তাই নয়, মাঠের ভেতর দুই অধিনায়ক একে অপরের দিকে চোখ মেলানোও এড়িয়ে যান।

উল্লেখ্য, ২০২৫ সালে কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর থেকে ভারতীয় ক্রিকেট দল পাকিস্তানের বিরুদ্ধে যেকোনো ম্যাচেই এই ‘নো-হ্যান্ডশেক’ (করমর্দন বর্জন) নীতি কঠোরভাবে মেনে চলছে। আজকের হাই-ভোল্টেজ ম্যাচেও সেই কূটনৈতিক ও নীতিগত অবস্থানের কোনো নড়চড় দেখা যায়নি।

ভারতের একাদশ : স্মৃতি মান্ধানা, শেফালি ভার্মা, প্রতিকা রাওয়াল, হারমানপ্রীত কৌর (অধিনায়ক), ভারতী ফুলমালি, রিচা ঘোষ (উইকেটরক্ষক), দীপ্তি শর্মা, প্রেমা রাওয়াত, নন্দনী শর্মা, শ্রী চরণি, ক্রান্তি গৌড়।

পাকিস্তানের একাদশ : মুনিবা আলী (উইকেটরক্ষক), শাওয়াল জুলফিকার, গুল ফিরোজা, আয়েশা জাফর, সাদাফ শামাস, ফাতিমা সানা (অধিনায়ক), উম্মে-ই-হানি, আইমান ফাতিমা, তুবা হাসান, নাশরা সান্ধু, সাদিয়া ইকবাল