Home জাতীয় বাংলাদেশের প্রধানমন্ত্রীর ভারত সফরের জন্য অপেক্ষা করছে দিল্লি

বাংলাদেশের প্রধানমন্ত্রীর ভারত সফরের জন্য অপেক্ষা করছে দিল্লি

2

ঢাকা অফিস।।

বাংলাদেশের প্রধানমন্ত্রীর ভারত সফরের জন্য নয়াদিল্লি অপেক্ষা করছে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।

বৃহস্পতিবার (২০ আগস্ট) সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, এটি একেবারেই একটি সৌজন্য সাক্ষাৎ ছিল।

প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন ভারত সফর নিয়ে বৈঠকে কোনো আলোচনা হয়েছে কি না এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, এ বিষয়ে কোনো আলোচনা হয়নি।

তবে ভারতীয় হাইকমিশনার জানিয়েছেন, বাংলাদেশের প্রধানমন্ত্রীর ভারত সফরের জন্য নয়াদিল্লি অপেক্ষা করছে। ভারতীয় হাইকমিশনার কলকাতার একটি হোটেলে অগ্নিকাণ্ডে নয় বাংলাদেশি নাগরিকের মৃত্যুর ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন।

তিনি জানান, মর্মান্তিক এ ঘটনায় ক্ষতিপূরণ প্রদানসহ প্রয়োজনীয় সহযোগিতায় ভারত সরকারের পক্ষ থেকে যা যা করণীয়, তা বাস্তবায়নে সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে।