Home খেলাধুলা এক কারণে টেন্ডুলকারের চেয়ে কোহলিকে এগিয়ে রাখছেন ডি ভিলিয়ার্স

এক কারণে টেন্ডুলকারের চেয়ে কোহলিকে এগিয়ে রাখছেন ডি ভিলিয়ার্স

0

স্পোর্টস ডেস্ক।।

উপমহাদেশের ব্যাটারদের জন্য সেনা (SENA অর্থাৎ দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া) দেশগুলোতে সফল হওয়ার পথ দেখিয়েছিলেন শচীন টেন্ডুলকার ও বিরাট কোহলি। তবে দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক এবি ডি ভিলিয়ার্সের মতে, বিরুদ্ধ কন্ডিশনে নিজেকে প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে টেন্ডুলকারের চেয়েও এক ধাপ এগিয়ে ছিলেন কোহলি।

পরিসংখ্যান যাই বলুক না কেন, ডি ভিলিয়ার্স মনে করেন, পেস ও বাউন্সি কন্ডিশনে সফল হওয়ার রহস্য টেন্ডুলকার প্রথম উন্মোচন করলেও টেস্ট ক্রিকেটে ভারতকে পরাশক্তি হিসেবে গড়ে তোলার পেছনে কোহলির অবদান অনেক বেশি।

নিজের ইউটিউব চ্যানেলে ডি ভিলিয়ার্স বলেন, ‘আমি বহু আগে শচীন টেন্ডুলকারের কথা ভাবি, যিনি ভারতের জন্য এই ধারার সূচনা করেছিলেন।

তবে তিনি হয়তো বিরাট কোহলির মতো এতটা অপ্রতিরোধ্য ছিলেন না, কোহলি ছিলেন আরও দুর্দান্ত। তবে উপমহাদেশের ব্যাটার হয়েও যে বাউন্সি ও সিম কন্ডিশনে ভালো করা সম্ভব, তা প্রথম দেখিয়েছিলেন শচীনই। আর বিরাট সেই ধারাকে আরও এগিয়ে নিয়ে গিয়ে সাফল্যের মানদণ্ডকে এক অনন্য উচ্চতায় তুলে ধরেছেন।’

ডি ভিলিয়ার্স উল্লেখ করেন, বিদেশের মাটিতে শচীন ও কোহলির এই ধারাবাহিক সাফল্যই বর্তমান প্রজন্মের ভারতীয় ব্যাটারদের বিদেশের মাটিতে ভালো খেলতে অনুপ্রাণিত করেছে।

তিনি আরও যোগ করেন, ‘তাদের তৈরি করে দেওয়া সেই পথের কারণেই এখন লোকেশ রাহুল ও দেবদূত পাডিক্কালের মতো বেশ কয়েকজন খেলোয়াড় সেই মান ধরে রাখার চেষ্টা করছেন এবং বিরাট ও শচীনের পদাঙ্ক অনুসরণ করছেন।’