Home Lead বাগেরহাটে ঘর থেকে একই পরিবারের ৩ জনের লাশ উদ্ধার

বাগেরহাটে ঘর থেকে একই পরিবারের ৩ জনের লাশ উদ্ধার

0


বাগেরহাট প্রতিনিধি।।

বাগেরহাটের কচুয়ায় বসতঘর থেকে মা-নানিসহ একই পরিবারের তিনজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে কচুয়া উপজেলার রাড়ীপাড়া ইউনিয়নের চান্দেরকোলা গ্রাম থেকে লাশগুলো উদ্ধার করা হয়।

নিহত ব্যক্তিরা হলেন চান্দেরকোলা গ্রামের মৃত আবদার আলী হাওলাদারের ছেলে আহাদ হাওলাদার (২৫), আহাদের মা মনিরা বেগম (৬০) ও আহাদের নানি রাশিদা বেগম (৯৩)।

নিহত ব্যক্তিদের মাথাসহ শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন রয়েছে এবং শরীরে পচন ধরে গেছে।

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের ধারণা, এক-দুদিন আগেই তাঁদের হত্যা করা হয়েছে। তবে কেন, কী কারণে বা কীভাবে এই হত্যাকাণ্ড, সে বিষয়ে কেউ কোনো তথ্য দিতে পারেনি।

পুলিশ জানায়, প্রতিবেশীরা ওই বাড়ির বারান্দায় এক বৃদ্ধার মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে স্থানীয় বাসিন্দারা পুলিশে খবর দেন। পুলিশ সেখানে পৌঁছে ঘরের ভেতরে গিয়ে আরও দুজনের মরদেহ দেখতে পায়। এ ঘটনা জানাজানি হলে এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়।

স্থানীয় বাসিন্দাদের বরাতে কচুয়া থানা-পুলিশের উপপরিদর্শক (এসআই) মাহমুদ হাসান বলেন, মূল রাস্তা থেকে বাড়িটা একটু ভেতরে। সেখানে লোকজনের আনাগোনা না থাকায় বিষয়টি দেরিতে নজরে এসেছে।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুন অর রশিদ বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি হত্যাকাণ্ড। ঘটনাটি দুই থেকে তিন দিন আগে ঘটতে পারে। ঘটনার কারণ উদ্‌ঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে।