স্পোর্টস ডেস্ক।।
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের পরিচ্ছন্নতাকর্মীদের বেতন বাড়িয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ৮ হাজার টাকা থেকে বাড়িয়ে ১২ হাজার ৫০০ টাকা করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির অডিট কমিটি, সিকিউরিটি কমিটি এবং টেন্ডার অ্যান্ড পারচেজ কমিটির চেয়ারম্যান সাঈদ ইব্রাহিম আহমেদ। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ৩৩ জন পরিচ্ছন্নতাকর্মীর মাসিক বেতন আগের তুলনায় প্রায় ৫০ শতাংশ বেশি পারিশ্রমিক পাবেন।
ইব্রাহিম বলেন, ‘আজ (১৮ জুন) আমি অত্যন্ত আনন্দের সঙ্গে মিরপুর ক্রিকেট স্টেডিয়ামে কর্মরত পরিচ্ছন্নতাকর্মীদের বেতন বৃদ্ধির ঘোষণা দিচ্ছি। এটি আমাদের সভাপতি তামিম ইকবালের সেই অঙ্গীকারেরই অংশ, যা আমরা অ্যাডহক কমিটির সদস্য হিসেবে দায়িত্ব গ্রহণের সময় করেছিলাম। শুধু ক্রিকেটারদের নয়, মাঠে ক্রিকেটকে সচল রাখতে নিরলসভাবে কাজ করে যাওয়া পুরো দলটির কল্যাণ নিশ্চিত করাও আমাদের দায়িত্ব।’
বেতন বৃদ্ধির বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি দীর্ঘ পোস্টও করেছেন সাঈদ ইব্রাহিম।
সেখানে তিনি বলেন, ‘বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অংশ হিসেবে আমাদের দায়িত্ব শুধু ক্রিকেটার তৈরি করা নয়, বরং ক্রিকেটের সঙ্গে সম্পৃক্ত প্রতিটি মানুষের মর্যাদা ও জীবিকার সুরক্ষা নিশ্চিত করা। ন্যায্য পারিশ্রমিক কোনো বিশেষ সুবিধা নয়; এটি কঠোর পরিশ্রম, নিষ্ঠা ও অবদানের যথাযথ স্বীকৃতি।
যখন একজন কর্মী তার পরিবারের জন্য আরও নিরাপদ ও সম্মানজনক জীবন নিশ্চিত করতে পারেন, তখন তিনি আমাদের সম্মিলিত লক্ষ্য- বাংলাদেশ ক্রিকেটকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার পথে আরও শক্তিশালী অংশীদারে পরিণত হন।’
বর্তমান বিসিবি নির্বাচনে নির্বাচিত তামিম ইকবাল, সাঈদ ইব্রাহিম আহমেদসহ কয়েকজন পরিচালক এর আগে বোর্ডের অ্যাডহক কমিটিতেও দায়িত্ব পালন করেছেন। সেখান থেকেই কর্মীদের কল্যাণে কিছু পদক্ষেপ নেওয়ার আলোচনা শুরু হয়েছিল বলে জানান তিনি।
সাঈদ ইব্রাহীম আরো বলেন, ‘অ্যাডহক কমিটির যাত্রার শুরু থেকে আজ পর্যন্ত আমরা আমাদের প্রতিশ্রুতি রক্ষায় অটল থেকেছি। সুশাসন, অবকাঠামো উন্নয়ন, খেলোয়াড় গঠন কিংবা কর্মীদের কল্যাণ- প্রতিটি ক্ষেত্রেই আমাদের লক্ষ্য ছিল কথাকে কাজে রূপ দেওয়া। এই বেতন বৃদ্ধি সেই অঙ্গীকারেরই প্রতিফলন এবং এটি প্রমাণ করে যে বোর্ড ক্রিকেট পরিবারের প্রতিটি সদস্যের অবদানকে মূল্যায়ন করে।’
‘পরিশ্রম ও নিষ্ঠার মাধ্যমে বাংলাদেশের ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাওয়া সকল কর্মীকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই। আপনাদের অবদান অত্যন্ত মূল্যবান, এবং ভবিষ্যতেও তা যথাযথভাবে স্বীকৃত হবে।’ বলে আরো যোগ করেন তিনি।











































