স্পোর্টস ডেস্ক।।
ব্যাট হাতে ঝড় তুলে নিয়মিতই শিরোনাম হন বৈভব সূর্যবংশী। তবে এবার আলোচনায় এসেছেন মাঠের পারফরম্যান্স নয়, বিতর্কিত এক ঘটনার কারণে।
শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের ম্যাচ শেষে প্রতিপক্ষের এক ক্রিকেটারের সঙ্গে ধাক্কাধাক্কিতে জড়িয়ে পড়েন ভারতের এই ১৫ বছর বয়সী ক্রিকেটার।
ডাম্বুলায় অনুষ্ঠিত ম্যাচে আগে ব্যাট করে ভারত ‘এ’ দল তোলে ২৬৫ রান।
জবাবে শ্রীলঙ্কা ‘এ’ দলও ৯ উইকেটে ২৬৫ রান করে ম্যাচটি টাই করে। এরপর সুপার ওভারে গড়ায় লড়াই। সেখানে শ্রীলঙ্কার করা ১৬ রানের জবাবে ভারত তুলতে পারে মাত্র ৯ রান। ম্যাচ শেষ হওয়ার পর মাঠ ছাড়ার সময় ঘটে অপ্রীতিকর ঘটনাটি।
ভারতের ব্যাটার সূর্যবংশী ও সূর্যাংশ শেড়গেকে উদ্দেশ করে কিছু বলতে দেখা যায় শ্রীলঙ্কার বিশেন হালাম্বাগে ও ওয়ানুজা সাহানকে। ভারতীয় সংবাদমাধ্যম ক্রিকবাজের দাবি, হালাম্বাগে সূর্যবংশীকে উদ্দেশ করে বলেন, ‘ম্যাচ শেষ, এবার বাড়ি যাও।’
এই মন্তব্যে ক্ষুব্ধ হয়ে ওঠেন সূর্যবংশী। কিছুদূর এগিয়ে যাওয়ার পর আবার ফিরে এসে হালাম্বাগেকে ধাক্কা দেন তিনি। পাল্টা প্রতিক্রিয়ায় হালাম্বাগেও হাত সরিয়ে নেন। পরিস্থিতি আরও উত্তপ্ত হওয়ার আগেই হস্তক্ষেপ করেন শ্রীলঙ্কার উইকেটকিপার-ব্যাটার নিরোশান ডিকভেলা। তার চেষ্টাতেই দুই পক্ষকে শান্ত করা সম্ভব হয়।
ঘটনার ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তরুণ বয়সেই আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা সূর্যবংশীর এমন আচরণ নিয়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা-সমালোচনা। ত্রিদেশীয় এই সিরিজে ভারত ও শ্রীলঙ্কার ‘এ’ দলের পাশাপাশি অংশ নিচ্ছে আফগানিস্তান ‘এ’ দলও।











































