ঢাকা অফিস।।
তীব্র ও ভ্যাপসা গরমের পর আজ শুক্রবার বিকেলে রাজধানীতে টানা কয়েক ঘণ্টা ঝুম বৃষ্টি হয়েছে। এই সময়ে রাজধানীতে ৪৩ মিলিমিটার বৃষ্টিপাত নথিভুক্ত করেছে আবহাওয়া অধিদপ্তর।
সকাল থেকেই ছিল রৌদ্রোজ্জ্বল আবহাওয়া এবং দুপুরে তাপমাত্রা ছিল ৩৫ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। পরেই হঠাৎ এই বৃষ্টি নগরবাসীর জন্য স্বস্তি নিয়ে আসে, এবং তাপমাত্রা প্রায় ১০ ডিগ্রি সেলসিয়াস কমে গেছে। তবে কোথাও কোথাও সড়কে পানি জমে থাকতে দেখা যায়, এতে কর্মজীবীরা দুর্ভোগে পড়েন।
এদিকে রামপুরা, বনশ্রী, মালিবাগ, মগবাজার, বেইলি রোড, কাকরাইল, শান্তিনগর, মতিঝিল, পল্টন, কমলাপুর, শাহজাহানপুর, বাংলামোটর, শাহবাগ, পান্থপথ, ধানমন্ডি ও গ্রিন রোডসহ রাজধানীর বিভিন্ন এলাকা থেকে বৃষ্টির খবর পাওয়া গেছে।
বৃষ্টির কারণে অনেক সড়কে যানবাহনের গতি কমে গেছে, কর্মস্থল থেকে ফেরার পথে ও বাইরে থাকা মানুষদের ভোগান্তি দেখা দিয়েছে। অনেককে দোকানপাট ও অন্যান্য আশ্রয়স্থানে অপেক্ষা করতে দেখা গেছে।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল ইসলাম গণমাধ্যমকে বলেন, বেলা তিনটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত রাজধানীতে ৪৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এতে তাপমাত্রা অনেকটাই কমে গেছে। তবে কোনো এলাকায় ৪৪ থেকে ৮৮ মিলিমিটার বৃষ্টি হলে, তাকে ভারী বৃষ্টি বলা হয়।
দুপুরের দিকে রাজধানীর তাপমাত্রা ছিল ৩৫ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। আবার বৃষ্টির পর সন্ধ্যা ছয়টার দিকে এ তাপমাত্রা রেকর্ড করা হয় ২৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস বলে জানান তিনি।
আবহাওয়াবিদ এ কে এম নাজমুল ইসলাম জানান, মৌসুমী বায়ুর প্রভাবে রাজধানীসহ বৃষ্টি হচ্ছে। এখন কোথাও কোথাও স্বল্প থেকে মাঝারি বৃষ্টি হচ্ছে। তবে ভারি বর্ষণ এখনো শুরু হয়নি। ধীরে ধীরে বর্ষার বৃষ্টি বাড়বে।











































