Home জাতীয় সচিবের সই ছাড়াই ফাইল অনুমোদনের অভিযোগ সাবেক উপদেষ্টা আসিফের বিরুদ্ধে

সচিবের সই ছাড়াই ফাইল অনুমোদনের অভিযোগ সাবেক উপদেষ্টা আসিফের বিরুদ্ধে

9

ঢাকা অফিস।।

অন্তর্বর্তীকালীন সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সচিবের স্বাক্ষর ছাড়াই একটি প্রকল্পের ফাইল অনুমোদন দিয়েছিলেন বলে অভিযোগ করেছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

শনিবার সচিবালয়ে নিজ দপ্তরে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের সামনে এই অভিযোগ তুলে ধরেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, অন্তর্বর্তী সরকারের সময় একটি প্রকল্পে সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া সংশ্লিষ্ট সচিবের সই ছাড়াই ফাইল পাস করেছেন, যা সম্পূর্ণ বেআইনি।

পিরোজপুরের একটি মেগা প্রকল্পের তথ্য তুলে ধরে মীর শাহে আলম বলেন, এই প্রকল্পের দরপত্র প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর মাঠপর্যায়ে কোনো বাস্তব কাজ না করেই প্রায় ৬ হাজার কোটি টাকা তুলে নেওয়া হয়েছে। এ কারণে গত১৮ মাস ধরে পিরোজপুর জেলার উন্নয়ন প্রকল্পগুলো স্থবির হয়ে আছে। তবে দ্রুততম সময়ে জেলার উন্নয়ন কর্মকাণ্ড পুনরায় চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার।

তিনি বলেন, বিগত সরাকারের আমলে পিরোজপুরসহ বিভিন্ন এলাকায় সংঘটিত অনিয়ম ও দুর্নীতির তদন্তে ৬০ দিনের সময়সীমা বেঁধে দিয়ে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। ]

এদিকে.স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমের এ অভিযোয়ের পর আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ফেসবুক লাইভে এসে এ অভিযোগ অস্বীকার করে বলেছেন, যারা এই অভিযোগ তুলছেন, তাদের সরকারের কার্যপ্রণালি বিধি বা ‘রুলস অব বিজনেস’ সম্পর্কে ন্যূনতম ধারণা নেই। কোনো ফাইল যখন উপদেষ্টার টেবিলে আসে, তা বিভিন্ন ধাপ পেরিয়ে এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের নোট বা সই-সহই আসে।

আসিফ মাহমুদ আরও বলেন, সচিব যদি কোনো কারণে ছুটিতে থাকেন বা ফাইলে সই করতে না পারেন, তবে মন্ত্রণালয়ের রুলস অব বিজনেস অনুযায়ী অন্য কোনো দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বা সিনিয়র সচিবের অনুমোদন নিয়ে ফাইল উপদেষ্টার কাছে পাঠানো হয়। উপদেষ্টা শুধু চূড়ান্ত অনুমোদন দেন। সচিবের সই ছাড়া ফাইল পাস করা হয়েছে- এমন দাবি ‘প্রশাসনিক অজ্ঞতা’ ছাড়া আর কিছুই নয়।