স্পোর্টস ডেস্ক।।
ব্রাজিল জাতীয় দলের কোচ হিসেবে আরো চার বছর থাকছেন কার্লো আনচেলত্তি। ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত ইতালিয়ান এই কোচের সঙ্গে চুক্তি নবায়নের ঘোষণা দিয়েছে ব্রাজিল ফুটবল ফেডারেশন (সিবিএফ)।
২০২৫ সালের মে মাসে রিয়াল মাদ্রিদ ছাড়ার পর ব্রাজিলের দায়িত্ব নেন ৬৬ বছর বয়সী আনচেলত্তি। তার অধীনেই ২০২৬ বিশ্বকাপের মূল পর্বে জায়গা নিশ্চিত করেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। আগামী মাসে কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্রে শুরু হবে সেই আসর।
চুক্তি নবায়নের পর আনচেলত্তি বলেন, ‘প্রথম মুহূর্ত থেকেই আমি বুঝেছি, এই দেশে ফুটবল কতটা গুরুত্বপূর্ণ। গত এক বছর আমরা ব্রাজিলকে আবার বিশ্ব ফুটবলের শীর্ষে ফেরাতে কাজ করেছি।’
তিনি বলেন, ‘তবে সিবিএফ এবং আমি আরো বেশি কিছু চাই। আরো জয়, আরো সময়, আরো কাজ। আমরা খুব আনন্দের সঙ্গে ঘোষণা দিচ্ছি যে আগামী চার বছরও আমরা একসঙ্গে থাকছি। ’
সিবিএফের প্রতি কৃতজ্ঞতাও জানিয়েছেন সাবেক রিয়াল কোচ। ‘বিশ্বাস রাখার জন্য সিবিএফকে ধন্যবাদ,’ বলেন তিনি। এ পর্যন্ত ব্রাজিলের দায়িত্বে ১০ ম্যাচে পাঁচ জয় পেয়েছেন আনচেলত্তি। দুটি ম্যাচ ড্র হয়েছে, হেরেছেন তিনটিতে।
২০০২ সালের পর আর বিশ্বকাপ জেতা হয়নি ব্রাজিলের।ষষ্ঠ শিরোপার খোঁজে এবার নতুন মিশনে নামছে সেলেসাওরা।
আগামী ১৮ মে বিশ্বকাপের জন্য দল ঘোষণা করার কথা রয়েছে আনচেলত্তির। ১৩ জুন মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে ব্রাজিল। গ্রুপ সিতে তাদের অন্য দুই প্রতিপক্ষ হাইতি ও স্কটল্যান্ড।
সিবিএফ সভাপতি সামির শাউদ এই চুক্তি নবায়নকে ‘ব্রাজিলিয়ান ফুটবলের জন্য ঐতিহাসিক দিন’ হিসেবে উল্লেখ করেছেন।
তিনি বলেন, ‘বিশ্ব ফুটবলে ব্রাজিলকে সর্বোচ্চ পর্যায়ে রাখার লক্ষ্যে এটি আমাদের আরেকটি দৃঢ় পদক্ষেপ। আমরা জাতীয় দলকে আরও আধুনিক, শক্তিশালী ও প্রতিযোগিতামূলক কাঠামো দেওয়ার জন্য কাজ করছি।’











































