Home খেলাধুলা ফ্রান্সের বিশ্বকাপ দলে চমক গোলরক্ষক রিসার, নেই কামাভিঙ্গা

ফ্রান্সের বিশ্বকাপ দলে চমক গোলরক্ষক রিসার, নেই কামাভিঙ্গা

0

স্পোর্টস ডেস্ক।।

বিশ্বকাপের জন্য শক্তিশালী স্কোয়াড ঘোষণা করেছে ফ্রান্স। কিলিয়ান এমবাপ্পেকে কেন্দ্র করে গড়া দিদিয়ের দেশমের দলে রয়েছে অভিজ্ঞতা ও তরুণ প্রতিভার দারুণ মিশেল।

একই সঙ্গে দুর্দান্ত মৌসুম কাটানোর পুরস্কার হিসেবে প্রথমবারের মতো বিশ্বকাপ দলে জায়গা পেয়েছেন গোলরক্ষক রবিন রিসার।
বৃহস্পতিবার ২৬ সদস্যের দল ঘোষণা করেন দেশম।

২০১৮ সালে ফ্রান্সকে বিশ্বকাপ জেতানো এই কোচের জন্য এটিই হতে যাচ্ছে জাতীয় দলের দায়িত্বে শেষ বড় টুর্নামেন্ট। বিশ্বকাপের পর দায়িত্ব ছাড়বেন তিনি। দলে বড় কোনো চমক না থাকলেও আলোচনায় আছেন রিসার। লঁসের হয়ে দুর্দান্ত মৌসুম কাটিয়ে সম্প্রতি লিগ ওয়ানের সেরা গোলরক্ষকের পুরস্কার জিতেছেন তিনি।

পুরো মৌসুমে লঁসকে লিগের দ্বিতীয় সেরা রক্ষণভাগ গড়তে বড় ভূমিকা রাখেন এই গোলকিপার। সেই পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে মাইক মেনিয়াঁ ও ব্রিস সাম্বার পেছনে তৃতীয় গোলরক্ষক হিসেবে তাকে বিশ্বকাপ স্কোয়াডে রেখেছেন দেশম।

আগামী ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে ২০২৬ বিশ্বকাপ। শিরোপার অন্যতম দাবিদার হিসেবেই টুর্নামেন্টে যাচ্ছে ফরাসিরা। ‘আই’ গ্রুপে তাদের প্রতিপক্ষ সেনেগাল, ইরাক ও নরওয়ে।

চোটের কারণে গত মাসে রিয়াল মাদ্রিদের কয়েকটি গুরুত্বপূর্ণ লা লিগা ম্যাচ মিস করলেও বিশ্বকাপ দলে আছেন এমবাপ্পে। ২৭ বছর বয়সী এই ফরোয়ার্ডই সম্ভবত দলের অধিনায়কত্ব করবেন। স্কোয়াডে অবশ্য জায়গা হয়নি ক্লাবটির মিডফিল্ড তারকা এদুয়ার্দো কামাভিঙ্গার।

এমবাপ্পের সঙ্গে আক্রমণভাগে আছেন ব্যালন ডি’অর জয়ী উসমান দেম্বেলে, তরুণ তারকা দেজিরে দুয়ে, মাইকেল ওলিসে, রায়ান শেরকি ও ম্যাগনেস আকলিউশের মতো ফুটবলাররা।

ম্যানচেস্টার সিটির হয়ে প্রথম মৌসুমেই নজর কাড়া পারফরম্যান্সের পর এবার প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে যাচ্ছেন ২২ বছর বয়সী শেরকি।

এদিকে, রন্দাল কোলো মুয়ানির বদলে স্কোয়াডে জায়গা পেয়েছেন ক্রিস্টাল প্যালেস ফরোয়ার্ড জ্যঁ-ফিলিপ মাতেতা। চার বছর আগে বিশ্বকাপ দলে শেষ মুহূর্তে ডাক পাওয়া কোলো মুয়ানি ২০২২ বিশ্বকাপ সেমিফাইনালে মরক্কোর বিপক্ষে গোল করেছিলেন। ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে প্রায় নায়কই বনে যাচ্ছিলেন তিনি, যদিও শেষ পর্যন্ত টাইব্রেকারে হেরে শিরোপা হাতছাড়া হয় ফ্রান্সের।

২০১২ সালে ফ্রান্স দলের দায়িত্ব নেন দেশম। তার অধীনে ২০১৮ সালে বিশ্বকাপ জয়ের পাশাপাশি ২০২২ আসরেও ফাইনাল খেলেছিল ফরাসিরা।

বিশ্বকাপ শেষে দেশমের স্থলাভিষিক্ত হওয়ার দৌড়ে এগিয়ে আছেন ফ্রান্সের কিংবদন্তি জিনেদিন জিদান। রিয়াল মাদ্রিদের কোচ হিসেবে তিনটি চ্যাম্পিয়ন্স লিগ ও দুটি লা লিগা জেতানোর পর আর কোনো দলের দায়িত্ব নেননি তিনি।