স্পোর্টস ডেস্ক।।
লা লিগার শিরোপা হাতছাড়া হয়েছে আগেই। ফলে মৌসুমের শেষ ভাগে রিয়াল মাদ্রিদের লড়াইটা এখন অনেকটাই নিজেদের ছন্দ ধরে রাখার।
সেই লক্ষ্যেই ঘরের মাঠে রিয়াল ওবিয়েদোর বিপক্ষে দাপুটে জয় তুলে নিল আলভারো আরবেলোয়ার দল। বৃহস্পতিবার (১৪ মে) রাতে সান্তিয়াগো বার্নাব্যুতে অনুষ্ঠিত ম্যাচে ওবিয়েদোকে ২-০ গোলে হারিয়েছে রিয়াল।
এক গোল করেছেন গন্সালো গার্সিয়া, অন্যটি জুড বেলিংহ্যামের। ৩৬ ম্যাচ শেষে ২৫ জয় ও পাঁচ ড্রয়ে ৮০ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানেই আছে মাদ্রিদের ক্লাবটি।
অন্যদিকে আগেই টানা দ্বিতীয় লিগ শিরোপা নিশ্চিত করা বার্সেলোনার সংগ্রহ ৯১ পয়েন্ট। ম্যাচের শুরু থেকেই বলের নিয়ন্ত্রণ নিজেদের কাছে রেখে একের পর এক আক্রমণ চালাতে থাকে রিয়াল।
প্রথমার্ধের শেষ দিকে তারই পুরস্কার পায় স্বাগতিকরা। বাঁ প্রান্ত দিয়ে উঠে আসা ভিনিসিয়ুস জুনিয়রের নিখুঁত পাস থেকে ডি-বক্সে ঢুকে তীক্ষ্ণ কোণ থেকে জালে বল পাঠান স্প্যানিশ ফরোয়ার্ড গন্সালো গার্সিয়া। বিরতির পরও আক্রমণের ধার বজায় রাখে রিয়াল। যদিও মাঝেমধ্যে পাল্টা আক্রমণে ভয় ছড়িয়েছে ওবিয়েদোও। ৬৩তম মিনিটে নাচো ভিদালের শট দূরের পোস্টের পাশ ঘেঁষে বেরিয়ে গেলে অল্পের জন্য রক্ষা পায় স্বাগতিকরা।
পেশির চোট কাটিয়ে ফেরা কিলিয়ান এমবাপ্পেকে ৭০তম মিনিটে মাঠে নামান কোচ আরবেলোয়া। এর কিছুক্ষণ আগেই ফ্রান্স জাতীয় দল বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করে, যেখানে জায়গা পেয়েছেন এই তারকা ফরোয়ার্ড।
এমবাপ্পে নামার ১০ মিনিট পরই আসে রিয়ালের দ্বিতীয় গোল। তার বাড়ানো পাস থেকে বক্সের ভেতরে জায়গা তৈরি করে জোরালো শটে গোল করেন বদলি হিসেবে নামা জুড বেলিংহ্যাম। চলতি লিগ মৌসুমে এটি ইংলিশ মিডফিল্ডারের প্রথম গোল, সব প্রতিযোগিতা মিলিয়ে যা তার সপ্তম।
ওবিয়েদোর জন্য এই ম্যাচের গুরুত্ব খুব বেশি ছিল না। কারণ এরই মধ্যে তাদের অবনমন নিশ্চিত হয়ে গেছে।











































