Home জাতীয় সৌরবিদ্যুৎ খাতে অস্ট্রেলিয়ান বিনিয়োগ বাড়ানোর আহ্বান বাণিজ্যমন্ত্রীর

সৌরবিদ্যুৎ খাতে অস্ট্রেলিয়ান বিনিয়োগ বাড়ানোর আহ্বান বাণিজ্যমন্ত্রীর

0

ঢাকা অফিস।।

বাংলাদেশে সৌরবিদ্যুৎ উৎপাদন খাতে অস্ট্রেলিয়ান বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

মঙ্গলবার (২১ এপ্রিল) সচিবালয়ে বাণিজ্যমন্ত্রীর দপ্তরে বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার সুসান রাইলের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে তিনি এ আহ্বান জানান।

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, “বাংলাদেশ সরকার বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টিতে কাজ করছে এবং নবায়নযোগ্য জ্বালানি খাতে বিদেশি বিনিয়োগকে বিশেষভাবে উৎসাহিত করছে।”

তিনি বলেন, দেশের বিদ্যমান শিল্পপ্রতিষ্ঠানগুলোকে সচল করা, নতুন শিল্প স্থাপন এবং কর্মসংস্থান সৃষ্টি বর্তমানে সরকারের অগ্রাধিকার।

মন্ত্রী আরও বলেন, প্রায় ৭ বিলিয়ন ডলারের সমপরিমাণ সম্পদসমৃদ্ধ শিল্পখাতকে কার্যকর করা এবং বেসরকারি বিনিয়োগ আকৃষ্ট করে এগুলোকে উৎপাদনমুখী করা সরকারের অন্যতম লক্ষ্য। এ সময় তিনি বাংলাদেশে সৌরবিদ্যুৎ উৎপাদন খাতে অস্ট্রেলিয়ান বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানান।

অস্ট্রেলিয়ার হাইকমিশনার বলেন, ”দুই দেশের মধ্যকার বাণিজ্য বর্তমানে প্রায় ৫.১৪ বিলিয়ন মার্কিন ডলার, যা ধারাবাহিকভাবে বৃদ্ধি পাচ্ছে। জ্বালানি-বিশেষ করে নবায়নযোগ্য জ্বালানি খাতে-বাংলাদেশে বিনিয়োগের উল্লেখযোগ্য সম্ভাবনা রয়েছে। এ লক্ষ্যে অস্ট্রেলিয়ার একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল সবুজ জ্বালানি, উদ্ভাবন ও প্রযুক্তি সহযোগিতার সুযোগসমূহ পর্যালোচনা করছে।”

তিনি আরও জানান, ’বর্তমানে প্রায় ২৮ হাজার বাংলাদেশি শিক্ষার্থী অস্ট্রেলিয়ায় অধ্যয়নরত রয়েছে এবং দেশটি বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ গন্তব্যে পরিণত হয়েছে।’

বৈঠকে উভয় পক্ষই বাণিজ্য, শিক্ষা ও বৃত্তির ক্ষেত্র সম্প্রসারণ, বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধি ও অবকাঠামো খাতে সহযোগিতা আরও সম্প্রসারণে আগ্রহ প্রকাশ করেন। বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব (রুটিন দায়িত্ব) মো. আবদুর রহিম খান এ সময় উপস্থিত ছিলেন।