খুলনাঞ্চল রিপোর্ট।।
সরকার কখনোই অভাব আছে এটা স্বীকার করে না—এমন মন্তব্য করে সারা দেশে লোডশেডিংয়ের প্রতিবাদে কুমিল্লার দেবীদ্বারে মোমবাতি বিতরণ কর্মসূচি পালন করেছেন সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ।
শুক্রবার (১৭ এপ্রিল) বিকেল সাড়ে ৩টার দিকে কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ তার নিজ ইউনিয়নের খাইয়ার গ্রামসহ বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে মানুষের মধ্যে মোমবাতি বিতরণ করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ’প্রায় দুই মাস আগে খাইয়ার গ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত জাহাঙ্গীর আলমকে অনুদান দিতে গিয়ে বিদ্যুৎ না থাকায় তিনি এ কর্মসূচি গ্রহণ করেন। এ সময় দলীয় নেতাকর্মীরা তার সঙ্গে উপস্থিত ছিলেন।’
মো. আবুল হাসনাত (হাসনাত আব্দুল্লাহ) গ্রামবাসীর উদ্দেশে বলেন, ‘সারা দেশে ভয়াবহ বৈদ্যুতিক লোডশেডিং চলছে কিন্তু সরকার তা স্বীকার করে না। সরকার কখনোই অভাব আছে, এটা স্বীকার করে না। তেল নেই, সারা দিন বিদ্যুৎ থাকে না, এটা স্বীকার করে না। আমি সংসদে বলেছিলাম, তেল সংকট, বিদ্যুৎ সংকট এটা স্বীকার করুন।’
এর আগে, আজ (শুক্রবার) বেলা আড়াইটার দিকে তিনি তাঁর নিজ ইউনিয়নের আব্দুল্লাহপুর গ্রামে বিশিষ্ট রাজনীতিক ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুল ইসলাম খানের সহধর্মিণী নুরুন্নাহার খানমের জানাজায় অংশ নেন।











































