Home আঞ্চলিক গোপালগঞ্জে জ্বালানি তেল ও গ্যাস মজুদের দায়ে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

গোপালগঞ্জে জ্বালানি তেল ও গ্যাস মজুদের দায়ে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

10

গোপালগঞ্জ প্রতিনিধি।।

গোপালগঞ্জে পৃথক চারটি স্থানে অভিযান চালিয়ে জ্বালানি তেল ও গ্যাস মজুদ এবং খোলা বাজারে বিক্রির দায়ে চার ব্যবসাপ্রতিষ্ঠানকে মোট ২৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। অভিযানে দুটি মিনি পাম্প মেশিনও জব্দ করা হয়েছে।

শনিবার (২৮ মার্চ) দুপুর ও বিকালে গোপালগঞ্জ শহরের পাচুড়িয়া এবং মুকসুদপুর উপজেলা সদর বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারদীন খান প্রিন্স জানান, জেলা শহরের পাচুড়িয়া এলাকায় অবৈধভাবে জ্বালানি তেল মজুদ করে কৃত্রিম সংকট সৃষ্টি করার অভিযোগের ভিত্তিতে অভিযান চালানো হয়।

এ সময় এক হাজার ৫০০ লিটার জ্বালানি তেল মজুদ থাকার প্রমাণ পেয়ে মেসার্স গংগা মোটরসের মালিক অর্ণব শর্মাকে ৯ হাজার টাকা জরিমানা করা হয়।
মুকসুদপুর সদর বাজারে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদ আশিক কবির। এ সময় খোলা বাজারে অবৈধভাবে জ্বালানি বিক্রির দায়ে পেট্রোলিয়াম আইন ২০১৬-এর ১১ ধারায় রইচ মিয়াকে ১০ হাজার টাকা এবং মাহাবুর শেখকে তিন হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলার বনগ্রাম বাজারে এলপিজি গ্যাস মজুদ করায় এলপিজি বিধিমালা ২০০৪ এর ২৬ (৬) ধারায় ব্যবসায়ী হাসানকে তিন হাজার টাকা জরিমানা করা হয়।

একই সঙ্গে অনুমোদনবিহীন দুটি মিনি পাম্প মেশিন জব্দ করা হয়।
মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ আশিক কবির জানান, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযানে তিনজন ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে এবং অনুমোদনবিহীন মিনি পাম্প মেশিন জব্দ করা হয়েছে।

তিনি আরো বলেন, ‘জননিরাপত্তা নিশ্চিত করা এবং ঝুঁকিপূর্ণভাবে গ্যাস ও জ্বালানি মজুদ প্রতিরোধের লক্ষ্যে নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করা হবে।’

এদিকে প্রশাসনের এ ধরনের পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন স্থানীয় ভোক্তারা।

তারা মনে করেন, নিয়মিত তদারকি থাকলে বাজারে কৃত্রিম সংকট ও অতিরিক্ত দামের প্রবণতা অনেকাংশে কমে আসবে।