পিরোজপুর প্রতিনিধি||
পিরোজপুরের মঠবাড়িয়ায় ইয়াবা কেনাবেচার সময় সাবেক প্যানেল মেয়র ও বিএনপি নেতা হারুন অর রশিদ ওরফে হারুন কমিশনারসহ ছয় মাদক কারবারিকে আটক করেছে ডিবি পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
গত শুক্রবার দিবাগত রাতে পৌর শহরের ৬ নম্বর ওয়ার্ডের নিউ মার্কেট আবাসিক এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকরা হলেন মো. হারুন অর রশিদ ওরফে হারুন (৪৫), বিজন কুমার চৌধুরী (৪০), মো. শহিদুল ইসলাম মনির (৪২), মো. শহীদ গাজী (৪২) এবং মীর মিনহাজুল ইসলাম (২৭)।
থানা সূত্রে জানা যায়, হারুন কমিশনারের পুরাতন বসতঘরের নিচতলায় মাদক বেচাকেনা চলছে—এমন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালানোর চেষ্টা করে। এ সময় হারুন কমিশনার ভবনের ছাদ থেকে লাফ দেন। এতে দুই পায়ের গোড়ালিতে গুরুতর আঘাত পান তিনি।
পরে ঘটনাস্থল থেকেই ছয়জনকে আটক করা হয়। সেই সঙ্গে আহত হারুন কমিশনারকে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
এ ঘটনায় ডিবি পুলিশের উপপরিদর্শক পলাশ বিশ্বাস বাদী হয়ে মঠবাড়িয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করেন।
মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ হিলাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া অনুসরণ করে আদালতে সোপর্দ করা হয়েছে।
মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।











































