Home জাতীয় ঢাকায় ফিরছে কর্মজীবী মানুষ, যমুনা সেতুর উভয় পাশে যানবাহনের দীর্ঘ লাইন

ঢাকায় ফিরছে কর্মজীবী মানুষ, যমুনা সেতুর উভয় পাশে যানবাহনের দীর্ঘ লাইন

7

ঢাকা অফিস।।

ঈদের ছুটি শেষে কর্মস্থল ঢাকামুখী মানুষদের চাপ বৃদ্ধি পাওয়ায় যমুনা সেতুর উভয় পাশে যানবাহনের দীর্ঘ লাইন তৈরি হয়েছে। শুক্রবার (২৭ মার্চ) দিনভর সেতুর পশ্চিম ও পূর্বপাড়ে যানবাহন থেমে থেমে চলার ফলে সড়কে উল্লেখযোগ্য জট দেখা দেয়।

যমুনা সেতু পশ্চিম থানার ওসি আমিরুল ইসলাম জানান, ‘ঢাকামুখী যানবাহনের প্রচুর চাপ থাকলেও সেতুর পশ্চিমপাড়ে উত্তরাঞ্চলমুখী লেনে তেমন চাপ নেই। সেতুর ওপর একাধিক দুর্ঘটনা এবং ঢাকামুখী যানবাহনের চাপের কারণে মাঝে মাঝে টোল আদায় বন্ধ রাখতে হচ্ছে।

’যমুনা সেতুর সাইড অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন বলেন, ‘ঢাকা থেকে আসা অনেক লোকাল বাস সেতুর ওপর নষ্ট হয়ে যাওয়ায় সেগুলো সরিয়ে রাস্তা সচল রাখা কষ্টকর হচ্ছে। ঢাকামুখী লেনে চাপ অনেক, তাই দিনের বেলায় কয়েকবার উত্তরাঞ্চলমুখী লেন দিয়েও ঢাকামুখী যানবাহন চালাতে হয়েছে। রাত সাড়ে ৮টার দিকে সেতুর উভয় পাশে অন্তত ৫ কিলোমিটার দীর্ঘ যানবাহনের সারি ছিল। আমাদের চেষ্টা আছে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার।


তিনি আরো জানান, যানবাহনের চাপ এবং সেতুর ওপর দুর্ঘটনার কারণে টোল আদায় থেমে থেমে চলছে। প্রশাসন ও সেতু কর্তৃপক্ষ দিনে কয়েকবার উভয় লেন ব্যবহার করে যানবাহন নিয়ন্ত্রণের চেষ্টা করছে।