স্টাফ রিপোর্টার।।
খুলনা মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান মিঠুকে পুরাতন একটি ভিডিওকে কেন্দ্র করে পুনরায় হয়রানির অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা সৃষ্টি হয়েছে।
জানা গেছে, ২০১৪ সালের ১৪ নভেম্বরের একটি ভিডিওকে কেন্দ্র করে একই বছরের ১৫ ডিসেম্বর র্যাবের হাতে গ্রেফতার হন আসাদুজ্জামান মিঠু। পরবর্তীতে সংশ্লিষ্ট মামলায় তিনি কারাবাসও করেন। তবে অভিযোগ উঠেছে, সম্প্রতি সেই পুরোনো ভিডিওকে আবার সামনে এনে তাকে নতুন করে আইন-শৃঙ্খলা বাহিনীর মাধ্যমে চাপ ও হয়রানির মুখে ফেলা হচ্ছে।
এ বিষয়ে আসাদুজ্জামান মিঠু বলেন, একটি পুরাতন ও নিষ্পত্তিকৃত বিষয়কে কেন্দ্র করে বারবার তাকে টার্গেট করা হচ্ছে, যা সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত। তিনি দাবি করেন, রাজনৈতিক প্রতিপক্ষরা তাকে ঘায়েল করতে পরিকল্পিতভাবে এমন পরিস্থিতি তৈরি করছে এবং এ কাজে আইন-শৃঙ্খলা বাহিনীকেও প্রভাবিত করার চেষ্টা করছে।
তিনি আরও বলেন, “আমি কখনোই কোনো সমাজবিরোধী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলাম না এবং এখনো নেই। রাজনৈতিকভাবে সক্রিয় থাকায় আমাকে হয়রানি করা হচ্ছে।”
এ ঘটনায় সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটন এবং হয়রানি বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন তিনি।











































