Home আঞ্চলিক সাতক্ষীরা রেঞ্জে উৎকোচ বাণিজ্যের অভিযোগ, সুন্দরবনে অবাধ সম্পদ নিধন

সাতক্ষীরা রেঞ্জে উৎকোচ বাণিজ্যের অভিযোগ, সুন্দরবনে অবাধ সম্পদ নিধন

12

জি এম সাগর হোসেন।।
খুলনা পশ্চিম বন বিভাগের অধীনস্থ সাতক্ষীরা রেঞ্জে দীর্ঘদিন ধরে অনিয়ম ও উৎকোচ বাণিজ্যের অভিযোগ উঠেছে। সংশ্লিষ্টদের একাংশের বিরুদ্ধে সুন্দরবনের সম্পদ নিধন, বিষ প্রয়োগে মাছ শিকার এবং বন্যপ্রাণী হত্যার মতো গুরুতর অপরাধে জড়িত থাকার অভিযোগে উদ্বেগ প্রকাশ করেছে স্থানীয় সচেতন মহল।

অনুসন্ধানে জানা যায়, রেঞ্জের বিভিন্ন অভয়ারণ্য এলাকায় প্রভাবশালী কয়েকটি চক্র সক্রিয় রয়েছে। এসব চক্র ইন্ডিয়ান ফাইবার জাল, চায়না দুয়ারি জাল, ভাসালি জালসহ বিভিন্ন নিষিদ্ধ সরঞ্জাম ব্যবহার করে অবাধে মাছ আহরণ করছে। এমনকি বিষ প্রয়োগের মাধ্যমেও জলজ সম্পদ নিধনের অভিযোগ রয়েছে। পাশাপাশি হরিণ শিকারি চক্রের তৎপরতাও বেড়েছে বলে অভিযোগ উঠেছে।

পুষ্পকাটি, মান্দারবাড়িয়া, দোবেকি ও আশপাশের অভয়ারণ্য এলাকাগুলোতে বিভিন্ন নামে একাধিক কোম্পানির ট্রলার নিয়মিত চলাচল করছে। এসব ট্রলারের মাধ্যমে মাছ, কাঁকড়া ও অন্যান্য জলজ সম্পদ আহরণ করা হচ্ছে বলে জানা গেছে। স্থানীয়রা অভিযোগ করেন, চুক্তিভিত্তিকভাবে এসব ট্রলার পরিচালিত হচ্ছে এবং এর পেছনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের একাংশের নীরব সমর্থন রয়েছে।

অভিযোগ রয়েছে, অভয়ারণ্য এলাকায় চলাচলকারী নৌকা ও ট্রলার থেকে নিয়মিত অর্থ আদায় করা হয় এবং সেই অর্থের একটি অংশ স্টেশন পর্যায়েই লেনদেন হয়। এ বিষয়ে সদ্য দায়িত্বপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা ফজলুল হকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ঈদের পর এ বিষয়ে কথা বলবেন বলে জানান।

সচেতন মহল বলছে, বিশ্বের একমাত্র ম্যানগ্রোভ বন সুন্দরবন শুধু প্রাকৃতিক সম্পদই নয়, এটি উপকূলীয় অঞ্চলের মানুষের জন্য প্রাকৃতিক রক্ষাকবচ। ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস থেকে রক্ষা করে এই বন। অথচ সেই বনই এখন বিভিন্ন অবৈধ কর্মকাণ্ডে হুমকির মুখে পড়েছে।

স্থানীয় বাসিন্দারা দাবি করেছেন, গোপন অভিযান পরিচালনা করলে এসব অনিয়ম ও অপরাধের প্রকৃত চিত্র সামনে আসবে। তারা বন বিভাগ ও সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

এদিকে বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করে ভুক্তভোগীরা দ্রুত তদন্ত ও কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।