
মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি:
বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় নবনির্মিত জেবু ওয়াদুদ জামে মসজিদের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ মার্চ) উপজেলার চর হোগলাবুনিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের চৌরাস্তা কালীবাড়ি পোল সংলগ্ন তালুকদার বাড়ি এলাকায় আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে মসজিদটির উদ্বোধন সম্পন্ন হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় তাতী দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ড. কাজী মনিরুজ্জামান মনির। তিনি ফিতা কেটে মসজিদটির শুভ উদ্বোধন করেন।
উদ্বোধনী বক্তব্যে ড. মনিরুজ্জামান মনির বলেন, “মসজিদ শুধু ইবাদতের স্থান নয়; এটি সমাজে নৈতিকতা, মূল্যবোধ ও মানবিকতার বিকাশ ঘটানোর কেন্দ্র। একটি আদর্শ সমাজ গঠনে মসজিদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।” তিনি আরও বলেন, এ ধরনের ধর্মীয় প্রতিষ্ঠান সমাজে শান্তি, সম্প্রীতি ও পারস্পরিক সহমর্মিতা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন মো. মোফাজ্জল মাতুব্বর, মো. সোহরাব ব্যাপারী, মোহাজ্জেল ব্যাপারী, মো. রুহুল আমিন খান, ড. আলী আহম্মদ খান, তালুকদার রিপন মাস্টারসহ এলাকার বিশিষ্ট ব্যক্তিরা।
জানা যায়, জেবু ওয়াদুদ পরিবারের উদ্যোগে এবং জমিদাতা পরিবারের সদস্য তালুকদার ফাইজুল কবির লিটনের তত্ত্বাবধানে মসজিদটির নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। এতে অর্থায়ন করেছেন ড. কাজী মনিরুজ্জামান মনির ও তার সহধর্মিনী মির্জা সানজীদা খাতুন, শেখ গোলাম মোস্তফা, সালেহা সাদেক, সাহেরা খাতুন, সীমা হায়দারসহ স্থানীয় শুভানুধ্যায়ীরা। প্রায় ১৭ লাখ টাকা ব্যয়ে মসজিদটির নির্মাণ কাজ সম্পন্ন হয়।
এলাকাবাসী জানান, দীর্ঘদিনের প্রত্যাশিত একটি জামে মসজিদ পেয়ে তারা আনন্দিত। তারা আশা প্রকাশ করেন, এই মসজিদটি ধর্মীয় কার্যক্রমের পাশাপাশি এলাকার সামাজিক সম্প্রীতি, ঐক্য ও নৈতিক চর্চা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।









































