বিনোদন ডেস্ক।।
বলিউডের জনপ্রিয় গায়িকা সুনিধি চৌহানের পাওয়ার প্যাকড পারফরম্যান্স দেখার জন্য মুখিয়ে ছিলেন কলকাতাবাসী। কিন্তু বাধ সাধল তার শারীরিক অসুস্থতা। মঞ্চে ওঠার বদলে এখন চিকিৎসকের পরামর্শে ‘ভয়েস রেস্ট’ বা কণ্ঠের বিশ্রামে থাকতে হচ্ছে তাকে। ফলে আজ কলকাতায় কনসার্টে অংশ নেওয়ার কথা থাকলেও তা স্থগিত করেছেন এই তারকা।
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, সম্প্রতি লক্ষ্ণৌতে একটি লাইভ শো চলাকালীন মঞ্চে অসুস্থ বোধ করেন সুনিধি। এক পর্যায়ে গলার সমস্যার কারণে তিনি কিছুটা থমকে যান, যা দেখে ভক্তরা বিচলিত হয়ে পড়েন। ভক্তদের জন্য ইনস্টগ্রামে একটি পোস্ট দিয়েছেন সুনিধি।
তিনি লিখেছেন, ‘প্রিয় কলকাতা, লক্ষ্ণৌয়ের শো করার সময় বুঝতে পেরেছি আমি গলার সংক্রমণে ভুগছি। চিকিৎসক আমাকে সম্পূর্ণ বিশ্রামের পরামর্শ দিয়েছেন। তাই ১৪ মার্চের ‘আই অ্যাম হোম’ কনসার্ট পিছিয়ে আগামী ২৫ মার্চ নির্ধারণ করা হয়েছে। আশা করি, নতুন তারিখে আপনাদের সেই মানের পারফরম্যান্স উপহার দিতে পারব যা আপনারা প্রত্যাশা করেন।’
আয়োজক প্রতিষ্ঠান জানিয়েছে, তারিখ পরিবর্তন হলেও ভেন্যুতে কোনো পরিবর্তন আসছে না। কলকাতার ‘অ্যাকোয়াটিকা গ্রাউন্ডে’ হবে কনসার্ট। ভক্তদের আশ্বস্ত করে জানানো হয়েছে, ১৪ মার্চের জন্য কেনা আগের টিকিটই ২৫ মার্চের শো-তে চলবে।
সুনিধির ‘আই অ্যাম হোম’ ট্যুর ভারতের বিভিন্ন শহরে দারুণ সাড়া ফেলেছে। তার গান মানেই দর্শকদের উন্মাদনা। প্রিয় শিল্পীর অসুস্থতার খবর ছড়িয়ে পড়ার পর থেকে সামাজিক মাধ্যমে দ্রুত আরোগ্য কামনা করছেন ভক্তরা। একটু দেরিতে হলেও তার সিগনেচার স্টাইল আর দরাজ কণ্ঠের জাদু দেখার অপেক্ষায় এখন কলকাতার দর্শকশ্রোতা। সূত্র: মিড ডে











































