অনলাইন ডেস্ক।।
চীনের সামরিক পাইলটদের প্রশিক্ষণ দেওয়ার অভিযোগে যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর সাবেক এক কর্মকর্তা গ্রেপ্তার হয়েছেন। তিনি দেশটির ‘এলিট ফাইটার’ পাইলট ছিলেন। অভিযোগে বলা হয়েছে, তিনি নিজ দেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন।
মার্কিন বিমান বাহিনীর সাবেক ওই মেজরের নাম জেরাল্ড ব্রাউন। মার্কিন বিচার বিভাগ জানিয়েছে, ব্রাউন একসময় তাঁর পাইলট কল সাইন ‘রানার’ নামে পরিচিত ছিলেন। বুধবার ইন্ডিয়ানা অঙ্গরাজ্য থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে অনুমোদন ছাড়া চীনা পাইলটদের প্রতিরক্ষা সেবা দেওয়া এবং এ সংক্রান্ত ষড়যন্ত্রের ফৌজদারি অভিযোগ আনা হয়েছে।
৬৫ বছর বয়সী ব্রাউন এফ-৩৫ লাইটনিং-২ বিমানের সাবেক ইনস্ট্রাকটর পাইলট। এফবিআইয়ের কাউন্টার ইন্টেলিজেন্স বিভাগের সহকারী পরিচালক রোমান রোঝাভস্কি এক বিবৃতিতে বলেছেন, ব্রাউন যাদের রক্ষা করার শপথ নিয়েছিলেন, তাদের বিরুদ্ধেই লড়াই করার জন্য চীনা পাইলটদের প্রশিক্ষণ দিয়ে নিজের দেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন বলে অভিযোগ আছে।
রোঝাভস্কি আরও বলেন, চীন সরকার তাদের সামরিক সক্ষমতা আধুনিকীকরণের জন্য মার্কিন সশস্ত্র বাহিনীর বর্তমান ও সাবেক সদস্যদের অভিজ্ঞতা ও দক্ষতাকে কাজে লাগানো অব্যাহত রেখেছে। এই গ্রেপ্তার একটি সতর্কবার্তা হিসেবে কাজ করবে।
ডিস্ট্রিক্ট অব কলাম্বিয়ার ইউএস অ্যাটর্নি জাঁনিন ফেরিস পিরো বলেছেন, ‘ব্রাউন ও আমাদের দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী যে কাউকে তাদের কাজের জন্য জবাবদিহির আওতায় আনা হবে।’
মার্কিন বিচার বিভাগের তথ্য অনুযায়ী, ব্রাউন ২৪ বছর ধরে মার্কিন বিমান বাহিনীতে সেবা দিয়েছেন। তিনি বিভিন্ন কমব্যাট মিশন পরিচালনা করেছেন এবং পারমাণবিক অস্ত্র বহনকারী ব্যবস্থাসহ বিভিন্ন সংবেদনশীল ইউনিট কমান্ডের দায়িত্বে ছিলেন।











































