Home আঞ্চলিক সংরক্ষিত নারী আসনে আলোচনায় খুলনার আজিজা খানম এলিজা

সংরক্ষিত নারী আসনে আলোচনায় খুলনার আজিজা খানম এলিজা

75

স্টাফ রিপোর্টার।।

আসন্ন জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য প্রার্থী হিসেবে মনোনয়ন প্রত্যাশী হয়েছেন খুলনার বিশিষ্ট রাজনৈতিক সংগঠক ও শিক্ষাবিদ আজিজা খানম এলিজা। ছাত্ররাজনীতি থেকে শুরু করে মহানগর ও কেন্দ্রীয় পর্যায়ে দীর্ঘ রাজনৈতিক পথচলার মাধ্যমে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নীতি, আদর্শ ও আন্দোলনের সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত রয়েছেন। গণতন্ত্র, নারী অধিকার এবং জনগণের স্বার্থ রক্ষায় অতীতের মতো ভবিষ্যতেও দলের আদর্শ বাস্তবায়নে দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছেন তিনি।

১৯৮৭ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের মাধ্যমে রাজনীতিতে সক্রিয় হন আজিজা খানম এলিজা। ১৯৯০ সালের স্বৈরাচারবিরোধী গণআন্দোলনে সক্রিয় অংশগ্রহণ করেন এবং হামলার শিকার হন। ছাত্রদল, মহানগর বিএনপি ও মহিলা দলের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করে তিনি সংগঠনের ভেতরে নিজের অবস্থান সুদৃঢ় করেন। তিনি খুলনা মহানগর মহিলা দলের সভাপতি (২০২২-২০২৫), খুলনা মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য (২০২১-২০২৫), জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সহ-যুগ্ম সম্পাদক, খুলনা মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক (২০১২-২০২২), মহানগর বিএনপির মহিলা সম্পাদক (২০১০-২০২১) ও সহ-মহিলা সম্পাদক (১৯৯৩-২০০৯) হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া ছাত্রজীবনে পাইওনিয়ার সরকারি মহিলা কলেজ ছাত্রদলের সভাপতি ও ভিপি এবং জাতীয়তাবাদী ছাত্রদল খুলনা মহানগরের সহ-সভাপতি ছিলেন।

আন্দোলন-সংগ্রামের রাজনীতিতে সক্রিয় ভূমিকার কারণে ২০১২ সালের ২২ এপ্রিল সরকারবিরোধী আন্দোলনের সময় গ্রেফতার হয়ে কারাবরণ করেন। ২০১৮ সালে দুটি এবং ২০২৩ সালে একটি নাশকতার মামলা তার বিরুদ্ধে দায়ের হয়, যা দীর্ঘ সময় ধরে চলমান ছিল। আন্দোলনে অংশ নিতে গিয়ে একাধিকবার হামলার শিকার হয়েছেন বলেও জানান তিনি।

শিক্ষাজীবনে তিনি ২০০৮ সালে এম.এড এবং ২০০৭ সালে বিএড ডিগ্রি অর্জন করেন দারুল ইহসান বিশ্ববিদ্যালয় থেকে। ২০০৩ সালে সরকারি বিএল কলেজ থেকে মাস্টার্স সম্পন্ন করেন। এর আগে সরকারি পাইওনিয়ার মহিলা কলেজ থেকে ডিগ্রি ও এইচএসসি এবং সরকারি করোনেশন মাধ্যমিক বালিকা বিদ্যালয় থেকে এসএসসি পাস করেন। পেশায় তিনি একজন শিক্ষক এবং ১৯৯৫ সাল থেকে করোনেশন মাধ্যমিক বিদ্যানিকেতনে শিক্ষকতা করছেন। বিদ্যালয় পরিচালনা পরিষদে শিক্ষক প্রতিনিধি হিসেবেও দায়িত্ব পালন করছেন।

রাজনীতির পাশাপাশি বিভিন্ন পেশাজীবী ও সমাজসেবামূলক সংগঠনের সঙ্গে যুক্ত আছেন তিনি। খুলনা শিশু হাসপাতাল এডহক কমিটির সম্মানিত সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি খুলনা সিটি ইউনিটে আট বছর কার্যনির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পালন ও আজীবন সদস্যপদ অর্জন করেছেন। খুলনা জেলা ক্রীড়া সংস্থা, রোটারি ক্লাব অব রূপসা, শিক্ষক সমিতি, মহিলা ক্রীড়া সংস্থা, শিশু ফেডারেশনসহ বিভিন্ন সামাজিক ও ক্রীড়া সংগঠনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন।

ব্যক্তিগত জীবনে আজিজা খানম এলিজা একমাত্র কণ্যা সন্তানের জননী। তার জন্ম ২৭ অক্টোবর ১৯৭১ সালে। পিতা মরহুম আব্দুল মোতালেব ও মাতা মরহুম রওশন আরা বেগম। তার বর্তমান ও স্থায়ী ঠিকানা খুলনা সদর, ফায়ার ব্রিগেড রোড। তিনি জন্মসূত্রে বাংলাদেশি এবং ধর্মে ইসলাম (সুন্নী) অনুসারী।

সংরক্ষিত নারী আসনে প্রার্থী হিসেবে তিনি মনে করেন, নারী প্রতিনিধিত্বকে কার্যকর করতে হলে সংসদে নারীর কণ্ঠস্বর আরও জোরালো করতে হবে। খুলনার নারী সমাজের শিক্ষা, নিরাপত্তা ও অর্থনৈতিক ক্ষমতায়নের বিষয়গুলো তিনি অগ্রাধিকার দিতে চান। দলীয় অঙ্গনে দীর্ঘ সাংগঠনিক অভিজ্ঞতা ও আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকার কারণে তার প্রার্থিতা গুরুত্বের সঙ্গে বিবেচনায় রয়েছে বলে জানা গেছে।