Home আঞ্চলিক অনির্দিষ্টকাল আদালত বর্জনের ঘোষণা: লিংকন কারাগারে, বরিশালের ১২ আইনজীবীর বিরুদ্ধে মামলা

অনির্দিষ্টকাল আদালত বর্জনের ঘোষণা: লিংকন কারাগারে, বরিশালের ১২ আইনজীবীর বিরুদ্ধে মামলা

28


খুলনাঞ্চল রিপোর্ট
আদালতের এজলাসে হামলার ঘটনাকে কেন্দ্র করে গ্রেপ্তার হওয়া বরিশাল জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সাদিকুর রহমান লিংকনকে কারাগারে পাঠানো হয়েছে।
বুধবার বিকেল পৌনে ৪টায় আদালতের গারদখানা থেকে বের করে প্রিজনভ্যানে করে কারাগারে নিয়ে যাওয়া হয়। তাকে গ্রেপ্তারের জেরে বুধবার আদালতের কোনো কার্যক্রম হয়নি। এর আগে বেলা ১২টায় সমিতির মূল ভবনের দোতালায় ব্যক্তিগত চেম্বার থেকে লিংকনকে গ্রেপ্তার করা হয়। তাকে গ্রেপ্তারের পর মুক্তির দাবিতে আইনজীবীরা দিনভর গারদখানার সামনে বিক্ষোভ করেছেন। তার মুক্তি না হওয়া পর্যন্ত আদালত বর্জনের ঘোষণা দিয়েছেন আইনজীবীরা। আদালত অবমাননার অভিযোগে লিংকনসহ ১২ জনের বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় মামলা দায়ের হয়েছে। লিংকন জাতীয়বাদী আইনজীবী ফেরামের জেলা সভাপতি। মামলার অন্য আসামিরাও বিভিন্ন পদধারী নেতা।
অ্যাডভোকেট মোখলেসুর বাচ্চু জানান, গ্রেপ্তারের পর লিংকনকে প্রথমে মহানগর অতিরিক্ত ম্যাজিস্ট্রেট আদালতে নেওয়া হয়। বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। তাকে নিয়ে আদালতের গারদখানায় রাখা হয়। তখন আইনজীবীরা বিক্ষোভ শুরু করেন। পরে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ফের জামিন আবেদন করা হয়। বেলা সোয়া ৩টায় বিচারক ওই আবেদন গ্রহন করেন। তবে তিনি আদেশ না দিয়ে শুনানির জন্য ২ মার্চ পরবর্তী দিন ধার্য করেছেন।
জেলা পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আবুল কালাম আজাদ জানান, লিংকনের মুক্তি, মামলা প্রত্যাহার এবং অতিরিক্ত মহানগর ম্যজিস্ট্রেট এস. এম শরিয়ত উল্লাহর অপসারন না করা পর্যন্ত বরিশালের আইনজীবীরা সকল আদালত বর্জন করবেন।
উল্লেখ্য বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনুস গত সোমবার অতিরিক্ত মহানগর ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পন করে জামিন নেন। তাকে জামিন দেয়ার প্রতিবাদে বিএনপিপন্থি আইনজীবীরা মঙ্গলবার আদালত বর্জন ও বিক্ষোভ করেন। বেলা ২টার দিকে তারা অতিরিক্ত মহানগর ম্যাজিস্ট্রেট আদালতের এজলাসে ঢুকে হট্টগোল করে বিচার কার্যক্রম বন্ধ করে। এর নেতৃত্ব দেন জেলা আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকন। সন্ধ্যার পর এ ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সেনাবাহিনী, র‌্যাব ও পুলিশের বিপুল সংখ্যক সদস্য বুধবার বেলা বারোটায় আদালতপাড়ায় প্রবেশ করেন। তারা সরাসরি আইনজীবী সমিতির ভবনের দোতালায় সভাপতি লিংকনের কক্ষে যান। তাকে আটক করে অতিরিক্ত মহানগর ম্যাজিস্ট্রেট আদালতে নিয়ে যাওয়া হয়। বিচারক তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। এরপরে নিয়ে যাওয়া হয় আদালতের গারদ খানায়। আইন-শৃঙ্খলা বাহিনীর অভিযানে আইনজীবীরা প্রথমে কিছুটা হতভম্ব হয়ে পড়েন। পরে সংঘটিত হয়ে বিক্ষোভ শুরু করেন।