Home বিনোদন নিখোঁজ সন্তানের জন্য অভিনেত্রীর আর্তনাদ

নিখোঁজ সন্তানের জন্য অভিনেত্রীর আর্তনাদ

6


বিনোদন ডেস্ক।।

বাংলা সিনেমার এক সময়ের দাপুটে অভিনেত্রী নাসিমা খান। প্রায় আশি বছর বয়সী এই অভিনেত্রী কাজ করেছে উর্দু সিনেমাতেও। জনপ্রিয় এই অভিনেত্রী আজ বড় অসহায়, ছেলেকে (ছোট ছেলে- নাবিল নাসির) হারিয়ে অঝোরে কাঁদছেন। গত ১১ ফেব্রুয়ারি সন্ধ্যায় আশুলিয়া থানাধীন ভাদাইল এলাকার বাসা থেকে বের হওয়ার পর আর ফেরেনি কুশল। গতকাল মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল পর্যন্ত তার কোনো খোঁজ মেলেনি।

কান্নাজড়িত কণ্ঠে নাসিমা খান বলেন, ‘১১ তারিখে শার্ট পরে ঘর থেকে বের হলো। সেই-ই শেষ দেখা, আর আমার বাবাটার খোঁজ পাচ্ছি না।’

পরিবার সূত্রে জানা যায়, ১১ ফেব্রুয়ারি সন্ধ্যায় আশুলিয়ার ভাদাইল এলাকা থেকে বের হয়ে নিখোঁজ হন কুশল। সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি। তিন দিন চেষ্টার পর ১৪ ফেব্রুয়ারি আশুলিয়া থানায় পরিবারের পক্ষ থেকে একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

নাসিমা খান জানান, তার ছেলে নাবিল নাসির কুশল সিজোফ্রেনিয়ায় আক্রান্ত। তবে এর আগে কখনো এমনভাবে নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেনি। বিলাপ করতে করতে তিনি বলেন, ‘আমার ছেলের জন্য অন্তরটা পুড়ে যাচ্ছে। সে কোথায় আছে, কার কাছে আছে, কী খাচ্ছে? সে কি কারো কাছ থেকে চেয়ে খাচ্ছে? এগুলো ভেবে আমার হৃদয়টা ফেটে যাচ্ছে! কেউ আমার ছেলেটাকে খুঁজে এনে দাও!’

অভিনেত্রীর আশঙ্কা, মানসিক সমস্যার কারণে কুশল হয়তো নিজের ঠিকানা স্পষ্ট করে বলতে পারবে না। ‘তার তো একটু সমস্যা আছে, সাভারের নিজের বাড়ির ঠিকানা হয়তো বলতে পারবে না; কিন্তু নিজের নাম বলতে পারবে’- বললেন তিনি।

তার একমাত্র প্রার্থনা, ‘আমার এই সহজসরল ছেলেটা যেন কোনো খারাপ মানুষের পাল্লায় না পড়ে। কেউ যেন তাকে খারাপ কিছু না করে।’

এদিকে, নাসিমা খানের দুই ছেলে। বড় ছেলে- ডাকনাম উপল, পড়াশোনার জন্য যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন এবং বর্তমানে সেখানেই একটি প্রতিষ্ঠানে কর্মরত। গত ডিসেম্বরেই অল্প কয়েক দিনের ছুটিতে দেশে এসে মায়ের সঙ্গে সময় কাটিয়ে গেছেন তিনি। ছোট ভাইয়ের নিখোঁজ হওয়ার খবর পেয়ে তিনিও ভেঙে পড়েছেন।

নাসিমা খান বলেন, ‘ও (উপল) বারবার ফোন করছে, জানতে চাইছে আমরা খুঁজে পেয়েছি কি-না। সাত দিনের ছুটিতে দেশে আসতে চাইছে। আমি এই মুহূর্তে তাকে মানা করেছি।’

স্বামীহারা এই অভিনেত্রী আরও বলেন, ‘আমি তো একা মানুষ। ছেলেদের বাবাও নেই। আমার ড্রাইভার সব খোঁজ খবর নিচ্ছে, আত্মীয়স্বজনরাও চেষ্টা করছে। হাসপাতালেও ছুটে যাচ্ছি, কিন্তু কোথাও আমার কুশলকে খুঁজে পাচ্ছি না। যে কোনো কিছুর মূল্যে আমার ছেলেকে কেউ আমার কাছে খুঁজে এনে দেওয়ার ব্যবস্থা করেন।’

নাসিমা খানের একটাই আবেদন, তার ছেলেকে যেন নিরাপদে ফিরিয়ে দেওয়া হয়। পরিবারের পক্ষ থেকেও অনুরোধ- কেউ নাবিল নাসির কুশলের সন্ধান পেলে আশুলিয়া থানায় অথবা পরিবারের সঙ্গে যেন যোগাযোগ করেন।