Home Lead নগরীতে ট্রাফিক বিভাগের গাফিলতি : যানজটে নাকাল খুলনাবাসী, বাড়ছে ক্ষোভ

নগরীতে ট্রাফিক বিভাগের গাফিলতি : যানজটে নাকাল খুলনাবাসী, বাড়ছে ক্ষোভ

35

স্টাফ রিপোর্টার।।


খুলনা নগরীতে ট্রাফিক বিভাগের দায়িত্বহীনতা ও উদাসীনতার কারণে দিন দিন ভয়াবহ আকার ধারণ করছে যানজট। সরকারি ছুটি ছাড়া সপ্তাহের প্রায় প্রতিদিনই নগরীর গুরুত্বপূর্ণ সড়ক ও মোড়ে তীব্র যানজটে চরম ভোগান্তিতে পড়ছেন নগরবাসী। অভিযোগ রয়েছে, দায়িত্বপ্রাপ্ত ট্রাফিক সার্জেন্ট ও কনস্টেবলরা ডিউটি পোস্টে উপস্থিত থাকলেও অধিকাংশ সময় কার্যকর কোনো ভূমিকা রাখছেন না।

সরেজমিনে নগরীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, রবিবার থেকে বৃহস্পতিবার অফিস, স্কুল ও কলেজগামী মানুষের ব্যস্ততম সময়—সকাল ও বিকেলের পিক আওয়ারে—ট্রাফিক নিয়ন্ত্রণ কার্যত অচল হয়ে পড়ে। গুরুত্বপূর্ণ মোড়ে ট্রাফিক পুলিশ থাকলেও তারা অনেক সময় নির্বিকার দাঁড়িয়ে থাকতে দেখা যায়, ফলে যানবাহনের চাপ সামাল দেওয়া সম্ভব হচ্ছে না।

কোথায় বেশি যানজট

স্থানীয়দের অভিযোগ ও প্রত্যক্ষদর্শীদের তথ্যমতে, নগরীর ময়লাপোতা মোড় থেকে ডালমিল মোড়, পিকচার প্যালেস মোড় থেকে ডাকবাংলা এলাকা, টুটপাড়া থেকে সাতরাস্তা মোড়, শিববাড়ি মোড়ের উভয় পাশ, নিউমার্কেট মোড় ও বৈকালী মোড়, নতুন রাস্তা মোড়, দৌলতপুর বাসস্ট্যান্ড থেকে মিনাক্ষীর মোড়, ফুলবাড়ীগেট এলাকা।

প্রায় প্রতিদিনই তীব্র যানজটে স্থবির হয়ে পড়ে। এসব এলাকায় যানজট দীর্ঘ সময় ধরে চললেও সংশ্লিষ্ট ট্রাফিক বিভাগের পক্ষ থেকে কার্যকর উদ্যোগ দেখা যায় না।

অভিযোগ জানানো হলেও নেই ফল

নগরবাসীর অভিযোগ, ট্রাফিক বিভাগের এই অব্যবস্থাপনার বিষয়ে একাধিকবার কেএমপির সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তা ও খুলনা জেলা প্রশাসক বরাবর লিখিত ও মৌখিক অভিযোগ জানানো হয়েছে। এমনকি দায়িত্বে অবহেলার ছবি ও ভিডিও প্রমাণও সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে। কিন্তু এখন পর্যন্ত দৃশ্যমান কোনো পরিবর্তন বা কার্যকর প্রতিকার পাওয়া যায়নি।

একজন নিয়মিত অফিসযাত্রী বলেন, “ডিউটি পোস্টে পুলিশ থাকলেও যানজট নিরসনে কোনো উদ্যোগ নেই। আমরা প্রতিদিন ঘণ্টার পর ঘণ্টা রাস্তায় আটকে থাকি। এটা কি দায়িত্বের মধ্যে পড়ে না?”

যানজটে বাড়ছে ক্ষতি

যানজটের কারণে প্রতিদিন নগরবাসীকে সময়, শ্রম ও অর্থনৈতিক ক্ষতির মুখে পড়তে হচ্ছে। শিক্ষার্থী ও চাকরিজীবীরা সময়মতো গন্তব্যে পৌঁছাতে পারছেন না। অনেক ক্ষেত্রে রোগী বহনকারী যানবাহনও যানজটে আটকে পড়ছে, যা উদ্বেগজনক।

কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি

এ বিষয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় ট্রাফিক বিভাগের সহকারী কমিশনার ও ডেপুটি কমিশনারদের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

নগরবাসীর দাবি

সচেতন নাগরিকদের মতে, পিক আওয়ারে অতিরিক্ত ট্রাফিক সদস্য মোতায়েন, দায়িত্বে অবহেলা করলে তাৎক্ষণিক শাস্তিমূলক ব্যবস্থা, অবৈধ পার্কিং ও ফুটপাত দখল উচ্ছেদ, আধুনিক ট্রাফিক ব্যবস্থাপনা চালু, এসব পদক্ষেপ দ্রুত বাস্তবায়ন না হলে খুলনার যানজট আরও ভয়াবহ রূপ নেবে।

নগরবাসীর প্রশ্ন—দায়িত্বে থেকেও যদি ট্রাফিক বিভাগ নীরব থাকে, তবে এই দুর্ভোগের শেষ কোথায়?