স্টাফ রিপোর্টার ||
খুলনা নগরীর ট্যাংক রোড এলাকায় মোটরসাইকেলের বিকট শব্দকে কেন্দ্র করে মুহূর্তের মধ্যে গুলির আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে জানা যায়, একটি মোটরসাইকেলের সাইলেন্সার খোলা থাকায় উচ্চ শব্দ সৃষ্টি হয়, যা অনেকের কাছে গুলির শব্দ বলে মনে হয়।
ঘটনাটি ঘটে শনিবার (২৭ ডিসেম্বর) রাত আনুমানিক সাড়ে ৬টার দিকে। হঠাৎ বিকট শব্দে স্থানীয় মানুষজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। দোকানপাট বন্ধ হয়ে যায়, পথচারীরা নিরাপদ আশ্রয়ের খোঁজে ছোটাছুটি শুরু করেন।
এ সময় এলাকায় গুজব ছড়িয়ে পড়ে যে, বিএনপি নেতা ইউসুফ হারুন মজনুর অফিস লক্ষ্য করে গুলি ছোড়া হয়েছে। তবে কিছুক্ষণ পর পরিস্থিতি স্বাভাবিক হলে প্রত্যক্ষদর্শীরা জানান, কোনো গুলির ঘটনা ঘটেনি।
স্থানীয় সূত্রে জানা গেছে, একটি মোটরসাইকেল দ্রুতগতিতে যাওয়ার সময় খোলা সাইলেন্সারের কারণে বিকট শব্দ হয়। সেই শব্দ থেকেই ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়।
খুলনা সদর থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ইউসুফ হারুন মজনু জানান, কিশোর গ্যাং এর সদস্যদের বেপরোয়া মোটরসাইকেল এর সাইলেন্সার না থাকায় এধরণের আতঙ্ক ছড়ায়। গুলির ঘটনা ঘটেনি।
এ বিষয়ে স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়, ঘটনাস্থলে কোনো গুলির আলামত পাওয়া যায়নি। এটি মোটরসাইকেলের শব্দজনিত আতঙ্ক বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে।
এ ঘটনার পর এলাকাবাসী খোলা সাইলেন্সারযুক্ত মোটরসাইকেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন, যাতে ভবিষ্যতে এ ধরনের অপ্রয়োজনীয় আতঙ্ক সৃষ্টি না হয়।










































