স্পোর্টস ডেস্ক
সংযুক্ত আরব-আমিরাতের ইন্টারন্যাশনাল লীগ (আইএল) টি-টোয়েন্টির প্লে-অফ নিশ্চিত করল সাকিব আল হাসানের এমআই এমিরেটস। মঙ্গলবার লীগ পর্বের শেষ ম্যাচে গালফ জায়ান্টসের বিপক্ষে ৮ উইকেটে জয় তুলে নেয় এমিরেটস। আগের ম্যাচে দুর্দান্ত বোলিং করে ম্যাচেসেরা হওয়া সাকিব এদিন উইকেটশূন্য থাকলেও, দ্যুতি ছড়ান নিয়ন্ত্রিত বোলিংয়ে।
আবুধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে টসে হেরে আগে ব্যাটিংয়ে নেমে ৬ উইকেটে ১৪১ রান তোলে গালফ। রান তাড়ায় ২১ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় এমিরেটস। এদিন দলের হয়ে দুই ওভারই বল করেন ৩৮ বছর বয়সী সাকিব। একটি ছক্কা হজম করেও সাবেক বাংলাদেশ অধিনায়কের সাকুল্যে রান খরচ স্রেফ ১০। সাকিবের ১২ বলের ৭টিতেই কোনো রান নিতে পারেনি গালফ ব্যাটাররা। আগে ফিল্ডিংয়ে নেমে প্রথম ওভারেই সাকিবের হাতে বল তুলে দেন এমিরেটস অধিনায়ক কাইরন পোলার্ড। প্রথম দুই বলে ডট দেয়ার পরের বলে তাকে ছক্কা হাঁকান রহমানউল্লাহ গুরবাজ। শেষ তিন বলে এ বাঁহাতি স্পিনার দেন দুই রান। পাওয়ার প্লের শেষ ওভারে ফের আক্রমণে আসেন সাকিব। প্রথম বলে উইকেটও পেয়ে যেতে পারতেন এ সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার। তবে মইন আলীর সহজ ক্যাচ হাতে জমাতে পারেননি সতীর্থ মোহাম্মদ ওয়াসিম। নিয়ন্ত্রিত বোলিংয়ে এ ওভারে মোটে দুই রান খরচ করেন সাকিব।
ব্যক্তিগত ৫ রানে জীবন পাওয়া মইন থামেন ৪৮ বলে ৫১ রানের ইনিংসে। সাকিবদের নিয়ন্ত্রিত বোলিংয়ের দিন প্রতিপক্ষের আর কেউ ৩০ রানও করতে পারেননি। এমিরেটসের হয়ে দুটি করে উইকেট নেন রোমারিও শেফার্ড ও ফজলহক ফারুকি। রান তাড়ায় ১৬.৩ ওভারেই জয় নিশ্চিত করে এমিরেটস। প্রথম দুই ওভারেই দুই ব্যাটারকে হারালেও, ওয়াসিম (৫৯) ও নিকোলাস পুরানের (৬৯) অপরাজিত ১৪০ রানের জুটিতে জয় তুলে নেয় তারা।










































