Home আঞ্চলিক খুলনা ওয়াসায় দেড় মাস পর তদন্ত কমিটি গঠন, পাঁচ কর্মদিবসে রিপোর্ট জমার...

খুলনা ওয়াসায় দেড় মাস পর তদন্ত কমিটি গঠন, পাঁচ কর্মদিবসে রিপোর্ট জমার নির্দেশ

66

মব সৃষ্টি, মারধর ও পানির পাম্প বন্ধের অভিযোগ

স্টাফ রিপোর্টার
খুলনা ওয়াসায় অনিয়ম, জোরপূর্বক ফাইল অনুমোদনের চেষ্টা, মব সৃষ্টি, গালিগালাজ ও মারধরের গুরুতর অভিযোগের ঘটনায় অবশেষে দেড় মাস পর তদন্ত কমিটি গঠন করা হয়েছে। গত অক্টোবরে সংঘটিত এই ঘটনায় ওয়াসার ভেতরে ও বাইরে ব্যাপক গুঞ্জন ও ক্ষোভ তৈরি হয়েছে।
খুলনা ওয়াসা সূত্রে জানা গেছে, গত ২৭ অক্টোবর নকশাকারক জি এম গফফার হিসাব রক্ষকের কাছে একটি ফাইল জোরপূর্বক ও অবৈধভাবে অনুমোদন করানোর জন্য চাপ প্রয়োগ করেন। হিসাব রক্ষক অনিয়মতান্ত্রিক ওই ফাইলে সই করতে অস্বীকৃতি জানালে গফফার ক্ষিপ্ত হয়ে ওঠেন। একপর্যায়ে তিনি তার ইউনিয়নের ৩০-৪০ জন লোককে খবর দিয়ে খুলনা ওয়াসা ভবনে জড়ো করেন।


অভিযোগ রয়েছে, গফফারের নির্দেশে শহরের বিভিন্ন পয়েন্টের বিশুদ্ধ পানির পাম্প বন্ধ রেখে ওই লোকজন ওয়াসা ভবনে এসে মব সৃষ্টি করে। এ সময় নকশাকারক জি এম গফফার হিসাব রক্ষককে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং শারীরিকভাবে নির্যাতন করেন। এতে অফিসে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয়।


ঘটনার প্রায় পৌনে দুই মাস পর সম্প্রতি নতুন ব্যবস্থাপনা পরিচালক যোগদান করায় বিষয়টি পুনরায় আলোচনায় আসে। এরই প্রেক্ষিতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।


সোমবার (১৫ ডিসেম্বর) ৪৬.০৭.৪০০০.০০৭.০৩.০০৩৪.২৫-১৪০০ (৩) নম্বর স্মারকে সচিব মাহেরা নাজনিনের স্বাক্ষরিত এক পত্রে এই তদন্ত কমিটির অনুমোদন দেওয়া হয়।


তদন্ত কমিটিকে আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে সঠিক ও নিরপেক্ষ তদন্ত সম্পন্ন করে নির্বাহী প্রকৌশলী মো. কামাল হোসেনের কাছে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।


উল্লেখ্য, অভিযুক্ত জি এম গফফার খুলনা ওয়াসা কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক। একাধিক কর্মকর্তা ও কর্মচারীর অভিযোগ, তিনি গত তিন থেকে চার বছর ধরে নিয়মিত ডিউটি না করেও বেতন উত্তোলন করে আসছেন। এছাড়া তাকে শেখ বাড়ির শেখ জুয়েলের ঘনিষ্ঠ এবং দুর্নীতিবাজ নির্বাহী প্রকৌশলী (বর্তমানে পিডি হিসেবে রুটিন দায়িত্বে থাকা) রেজাউলের একান্ত সহযোগী বলেও অভিযোগ রয়েছে।
এ ঘটনায় তদন্তের ফলাফল কী আসে, তা নিয়ে খুলনা ওয়াসার কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি নগরবাসীর মধ্যেও ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে কি না—সেদিকেই এখন তাকিয়ে সবাই।