স্পোর্টস ডেস্ক।।
দুই যুগের বেশি সময় পর ভারতের মাটিতে দক্ষিণ আফ্রিকার টেস্ট সিরিজ জয়ের নায়ক ছিলেন সাইমন হার্মার। ঐতিহাসিক সিরিজ জয়ের পর দারুণ এক স্বীকৃতিও পেয়ে গেলেন এ প্রোটিয়া স্পিনার। আইসিসির নভেম্বর মাসের সেরা খেলোয়াড় নির্বাচিত হলেন হার্মান। এ দৌড়ে তিনি পেছেন ফেলেন বাংলাদেশের তাইজুল ইসলাম ও পাকিস্তানের মোহাম্মদ নেওয়াজকে।
মাসসেরা পুরুষ ও নারী ক্রিকেটারদের নাম আজ প্রকাশ করে বিশ্ব ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা। থাইল্যান্ডের স্পিনার থিপাতচা পুথাওং ও সংযুক্ত আরব আমিরাতের অলরাউন্ডার এশা ওজাকে পেছনে ফেলে মেয়েদের মাসসেরা নির্বাচিত হন ভারতীয় ব্যাটার শেফালি বর্মা। ক্যারিয়ারে প্রথমবারের মতো এ স্বীকৃতি পেলেন শেফালি। ২৫ বছর পর ভারতে প্রোটিয়াদের টেস্ট সিরিজ জয়ের নায়ক ছিলেন ৩৬ বছর বয়সী হার্মার। কলকাতা ও গুয়াহাটিতে দুই টেস্টে ৮.৯৮ গড়ে সাকুল্যে ১৭ উইকেট নেন তিনি। দুই ম্যাচে তার উইকেটসংখ্যা যথাক্রমে ৮ ও ৯টি। গুয়াহাটিতে দ্বিতীয় ইনিংসে ৩৭ রানে ৬ উইকেট নিয়ে ভারতকে স্রেফ ১৪০ রানেই গুটিয়ে দিতে দারুণ ভূমিকা রাখেন হার্মার।
মাসসেরা হয়ে তিনি বলেন, ‘নভেম্বর মাসের জন্য মাসসেরা হিসেবে মনোনীত হওয়া আমার জন্য অনেক সম্মানের বিষয়। নিজ দেশের হয়ে খেলার সুযোগ পাওয়া জীবনের এক স্বপ্নপূরণ, তার সঙ্গে যদি অতিরিক্ত কোনো স্বীকৃতি যুক্ত হয়, তবে তা নিঃসন্দেহে দারুণ প্রাপ্তি।’ হার্মার আরও বলেন, ‘এ সম্মান আমি আমার সতীর্থ খেলোয়াড়, কোচবৃন্দ এবং স্টাফদের সঙ্গে ভাগ করে নিচ্ছি। একইসঙ্গে আমার পরিবারের প্রতি পুরস্কারটি আমি উৎসর্গ করছি, যারা আমাকে আমার স্বপ্নের পথে এগিয়ে যেতে সর্বদা সমর্থন জানিয়েছেন। যদিও সেজন্য প্রায়ই আমাকে তাদের থেকে দূরে থাকতে হয়।’
আয়ারল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে বল হাতে দ্যুতি ছড়ান টাইগার স্পিনার তাইজুল। দুই ম্যাচে ২৬.৩০ গড়ে ১৩ উইকেট নিয়ে হন সিরিজের সর্বোচ্চ উইকেটের মালিক। মিরপুরে দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের হয়ে লাল বলে সর্বোচ্চ উইকেটের মালিক বনে যান তাইজুল। তবে মাসসেরার পুরস্কারের জন্য সেসব যথেষ্ট হলো না।
অন্যদিকে, নভেম্বরে স্রেফ একটি ম্যাচে খেলেই নারীদের মাসসেরা স্বীকৃতি পেলেন ২১ বছর বয়সী শেফালি বর্মা। অবশ্য ওই একটি ম্যাচ ছিল নারী বিশ্বকাপের ফাইনাল। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৭৮ বলে ৮৭ রানের ইনিংস খেলেন শেফালি। বিশ্বকাপ ফাইনালে ভারতীয় কোনো ক্রিকেটারের ওপেনিংয়ে নেমে খেলা সর্বোচ্চ রানের ইনিংস এটিই। পরে বল হাতে ৭ ওভারে ২ উইকেটও নেন শেফালি।











































