স্পোর্টস ডেস্ক
ইংলিশ প্রিমিয়ার লিগে শীর্ষে থাকা আর্সেনালের ওপর চাপ অব্যাহত রাখতে রবিবার ক্রিস্টাল প্যালেসের মাঠে ৩-০ ব্যবধানে দারুণ জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি। আর্লিং হলান্ডের জোড়া গোল ও ফিল ফোডেনের নান্দনিক ফিনিশে সহজ জয় নিশ্চিত করে পেপ গার্দিওলার দল।
ম্যাচের প্রথমার্ধে তুলনামূলক ভালো সুযোগ তৈরি করেছিল স্বাগতিক প্যালেস। বিশেষ করে আদাম ওয়ার্টনের বাড়ানো বলে গোলের সামনে পেয়েও ইয়েরেমি পিনো সুযোগ নষ্ট করেন-তার শট ক্রসবারে লেগে ফিরে আসে।
এর আগে পর্যন্ত সিটির আক্রমণ ছিল বেশ নিষ্প্রভ। তবে ৪১তম মিনিটে মাতেওস নুনেসের নিখুঁত ক্রসে হলান্ড দুর্দান্ত হেডে গোল করে দলকে এগিয়ে দেন। এটি ছিল চলতি মৌসুমে নরওয়েজিয়ান তারকার ১৬তম লিগ গোল।
ম্যাচের বাকি ২০ মিনিট থাকতে ফিল ফোডেন গোল করে সিটির নিয়ন্ত্রণ আরও শক্ত করেন। এরপর শেষদিকে পাওয়া পেনাল্টি থেকে নিজের দ্বিতীয় গোলটি করেন হলান্ড।
এই জয়ের ফলে ১৬ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে ম্যানচেস্টার সিটি, শীর্ষে থাকা আর্সেনালের থেকে দুই পয়েন্ট পিছিয়ে। অন্যদিকে ২৬ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে অবস্থান করছে ক্রিস্টাল প্যালেস।











































