স্টাফ রিপোর্টার।।
চলে গেলেন ‘চাঁদের আলো’সহ একাধিক জনপ্রিয় সিনেমার নির্মাতা শেখ নজরুল ইসলাম। শনিবার রাত ১১টা ৩০ মিনিটের দিকে রাজধানীর ধানমণ্ডি ইবনে সিনা হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্না লিল্লাহি…রাজিউন)। তার বয়স হয়েছিল ৯০ বছর। গতকাল নাটোরে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় এ নির্মাতাকে। জানা গেছে, গত ১৬ই নভেম্বর দুপুরে শেখ নজরুল ইসলাম মাইল্ড স্ট্রোকে আক্রান্ত হন। পরে তাকে ধানমণ্ডির ইবনে সিনা হাসপাতালের আইসিইউতে নেয়া হয়।
শারীরিক অবস্থা বিবেচনা করে চিকিৎসকরা ৪৮ ঘণ্টার পর্যবেক্ষণ সময় নির্ধারণ করেন, যার মেয়াদ শেষ হয় শনিবার সকাল ১০টায়। শনিবার রাতেই চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নির্মাতা জহির রায়হান ও খান আতাউর রহমানের সঙ্গে সহকারী পরিচালক হিসেবে চলচ্চিত্রে নাম লেখান শেখ নজরুল ইসলাম। ১৯৭৪ সালে মুক্তি পায় তার পরিচালিত প্রথম চলচ্চিত্র ‘চাবুক’। এ নির্মাতার নির্মিত উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে- ‘নদের চাঁদ’, ‘এতিম’, ‘নাগিন’, ‘মাসুম’, ‘ঈদ মোবারক’, ‘আশা’, ‘পরিবর্তন’, ‘নতুন পৃথিবী’, ‘দিদার’, ‘সালমা’, ‘বউ শাশুড়ি’, ‘কসম’, ‘বিধাতা’, ‘স্ত্রীর পাওনা’, ‘চাঁদের আলো’, ‘চাঁদের হাসি’, ‘চক্রান্ত’, ‘সিংহ পুরুষ’, ‘সব খতম’ প্রভৃতি। ষাটের দশকে ‘সাত ভাই চম্পা’ ছবিতে অভিনয় করেন নজরুল ইসলাম। তিনি ‘লেট দেয়ার বি লাইট’ (অসমাপ্ত) ছবিতে জহির রায়হানের সহকারী হিসেবে কাজ করেন এবং এতে একটি চরিত্রে অভিনয়ও করেন।











































