ঢাকা অফিস
দু’দিনে চারবার কেঁপে উঠেছে বাংলাদেশের প্রাণকেন্দ্র ঢাকাসহ এর আশেপাশের এলাকা। শুক্রবারের রিখটার স্কেল ৫.৭ মাত্রায় হওয়া ভূকম্পন কাঁপন ধরিয়েছে রাজধানীসহ দেশবাসীর মনে। মধ্যমানের ভূকম্পন হলেও ঝাঁকুনি ছিল তীব্র। হয়েছে জান মালের ক্ষতি। ১১ জনের প্রাণ যাওয়ার পাশাপাশি আহত হয়েছেন কয়েকশ’ মানুষ। হাসপাতালে ভর্তি এখনো অনেকেই। এরপরই শনিবারে হওয়া তিনটি ভূকম্পন নতুন করে ট্রমাটাইজড করেছে ঢাকাবাসীদের।
বিশেষজ্ঞরা বরাবরই বলে আসছেন, ভূমিকম্পের উচ্চ ঝুঁকিতে বাংলাদেশ। তবে এই ভীতি মনে থাকলেও নেই কার্যক্রমে। খোদ রাজউক বলছে, রাজধানীর ছয় লাখ ভবন রয়েছে ভূমিকম্পের উচ্চ ঝুঁকিতে। কিন্তু এসব রুখতে কতোটা ভূমিকা তারা রাখেন- এ নিয়ে প্রশ্ন রয়েছে। সেইসঙ্গে ভূমিকম্পের সময় নেই নিরাপদ ফাঁকা স্থান। যে কারণে ভবনের ভেতর কিংবা বাইরে বিপদ সর্বত্র। তথ্য দিচ্ছে আরও ভয়ংকর আভাস। ঢাকার ৯৪ শতাংশ বহুতল ভবন নির্মাণে রয়েছে আইনের ব্যত্যয়। প্রায় ৬ লাখ ভবন খাতা কলমেই ঝুঁকিপূর্ণ। ঘনবসতিপূর্ণ ঢাকায় উচ্চমাত্রার ভূমিকম্প আঘাত করলে রুপ নিতে পারে মৃত্যুপুরীর। বিশেষজ্ঞরা বলছেন, ভূমিকম্পের পর নিয়ম না মানা ভবনগুলো ভেঙে পড়ার পাশাপাশি জালের মতো ছড়িয়ে থাকা গ্যাস, বিদ্যুৎসহ বিভিন্ন বৈধ, অবৈধ লাইনগুলো থেকে ছড়িয়ে পড়বে আগুন। বোমার মতো হতে থাকবে বিস্ফোরণ।
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) ঢাকার ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার সিদ্ধান্ত নিয়েছে। সংস্থাটির চেয়ারম্যান রিয়াজুল ইসলাম শনিবার বংশালের কসাইটুলিতে একটি ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শনের পর একথা বলেন। ঢাকা জেলা ত্রাণ ও পুনর্বাসন অফিসের পক্ষ থেকে শুক্রবারের ভূমিকম্পের ক্ষয়ক্ষতির তথ্যানুযায়ী ১৪টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্সের (বিআইপি) ২০০৯ সালের তথ্যানুযায়ী, রিখটার স্কেলে ৭ বা তার বেশি মাত্রার ভূমিকম্পে ঢাকায় প্রায় ৭২ হাজার ভবন ধসে পড়তে পারে। এছাড়া ক্ষতিগ্রস্ত হতে পারে আরো এক লাখ ৩৫ হাজার ভবন ।
রাজউকের ২০১৮ সালের তথ্যানুযায়ী, রাজধানীতে অতিঝুঁকিপূর্ণ ভবনের সংখ্যা ৩২১টি। এর বেশির ভাগই রয়েছে পুরান ঢাকায়। ২০২৪ সালে ঢাকা অঞ্চলের ২১ শিক্ষাপ্রতিষ্ঠানের ৩০ ভবনকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করে রাজউক। রাজউক আরবান রেজিলিয়েন্স প্রজেক্টের অংশ হিসেবে পরিচালিত এক জরিপে দেখা গেছে, ঢাকার নিকটবর্তী মধুপুর ফল্টে (টাঙ্গাইল), ৬ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প আঘাত হানলে ঢাকা শহরের প্রায় আট লাখ ৬৫ হাজার ভবন ধসে পড়তে পারে।
সুখকর বার্তাও আসছে না বিশেষজ্ঞদের কাছ থেকে । নগর পরিকল্পনাবিদ স্থপতি ইকবাল হাবিব বলেন, ঢাকার বহুতল ভবনের ৯৪ শতাংশ অননুমোদিত এবং অনুমোদন নিয়ে ব্যত্যয় করা হয়েছে। যার কারণে ভূমিকম্প, অগ্নি দুর্ঘটনা অথবা অন্যান্য বিপদের সময় বোমার মতো বিস্ফোরণ হতে পারে। একসময় তিতাসের সহজলভ্য গ্যাস থাকার কারণে যত্রতত্র গ্যাস লাইন দেয়া হয়, বৈধ বা অবৈধ। এগুলো ক্ষতিগ্রস্ত হলে শহরের পরিস্থিতি হবে ভয়াবহ। ভূমিকম্প হবার পর গ্যাসলাইনগুলো ক্ষতিগ্রস্ত হবে। এরপর স্পার্ক আর গ্যাস মিলে বোমের মতো ব্লাস্ট করবে। আমাদের এখুনি উদ্যোগ নিয়ে শহরকে নিরাপদ করতে হবে। প্রতিটা বাড়ি পরীক্ষা করতে হবে। প্রয়োজনে প্রণোদনা দিয়ে ভবন ভেঙে নিরাপদ করার মতো ব্যবস্থা করতে হবে। এই কার্যক্রমগুলো এখুনি শুরু করলে তিন থেকে চার বছরের মধ্যে নিরাপদ করা সম্ভব।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. আনোয়ার হোসেন ভূঁইয়া বলেন, জাপানের হিরোশিমা ও নাগাশাকিতে যে দুটা বোমা বিস্ফোরণ হয়েছিল এর ওজন ছিল সাড়ে চার টন। একেকটা বোম, একেকটা শহরকে ধ্বংস করে দেয়। তার তুলনায় একটা ৮ মাত্রার ভূমিকম্প ৬০ লাখ টন শক্তি সঞ্চিত শক্তি বিস্ফোরণ হয়। সিলেট থেকে চট্টগ্রাম পর্যন্ত একটা জায়গা আছে যেখানে শতাধিক বছর যাবৎ ভূমিকম্প হয়নি। এখানে অনেক শক্তি সঞ্চিত রয়েছে। এই শক্তি যখন বের হবে বৃহৎ ভূমিকম্প হবে। আমরা যে জোনে আছি এখানে ভূমিকম্প হবে নিশ্চিত। তবে কবে সংগঠিত হবে এটা দিনক্ষণ বলা যাবে না। বিভিন্ন গবেষণায় দেখা যায়, ৮ থেকে ৯ মাত্রার ভূমিকম্প হতে পারে। তিনি বলেন, ভূমিকম্প প্রতিরোধে কী কী করণীয় এটা আমাদের শিক্ষার মধ্যে অন্তর্ভুক্ত করা উচিত। মনে রাখতে হবে পৃথিবীর অনেক সভ্যতা কিন্তু ভূমিকম্পে বিলীন হয়ে গেছে।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের সভাপতি অধ্যাপক ড. ইউনুস আহমেদ খান বলেন, যেহেতু অনেক শক্তি সঞ্চিত আছে সেহেতু সামনে আরও বড় ভূমিকম্প হতে পারে। সামনে সিলেট, সুনামগঞ্জ এই অঞ্চলে ভূমিকম্প হতে পারে। বাংলাদেশ ইন্ডিয়ান প্লেটের উপর আছে। আমাদের এই প্লেটের সঙ্গে ইউরেশিয়ান একটা প্লেটের যোগ আছে। আবার বার্মিজ সাব প্লেটের সঙ্গে একটা সংযোগ আছে। এই সাব প্লেটের নিচে ইন্ডিয়ান প্লেটটা চলে যাচ্ছে ধীরে ধীরে। বছরের ৭/৮ থেকে ১০/১২ মিলিমিটার করে। প্লেট হচ্ছে মাটির শক্ত অংশগুলো। প্লেট যেহেতু ঢুকে যাচ্ছে উপরের অংশগুলোর যাওয়ার জায়গা পাচ্ছে না। জায়গা না থাকায় অংশগুলো উপরে দিকে উঠতে থাকে। এভাবে নীচু ভূমি উঁচু হয়ে যায়।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল কাদের বলেন, শনিবারের ভূমিকম্পগুলো আফটারশক। আফটারশক সাধারণত কম মাত্রার হয়ে থাকে। এটি বড় ভূমিকম্পের ৭২ ঘণ্টার মাঝে হয়ে থাকে। এখন যে ছোট ছোট ভূমিকম্প হচ্ছে তা বড় ভূমিকম্পের আভাস। আমাদের এখানেতো বড় ভূমিকম্প হয়েছিল অনেক আগে।
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের দুর্যোগ বিজ্ঞান ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক আব্দুল্লাহ আল মাহবুব বলেন, ভৌগোলিকভাবে ইন্ডিয়ান, বার্মিজ, এবং ইউরেশিয়ান প্লেটের সংযোগস্থলে বাংলাদেশের অবস্থান। এখানে আসাম ফল্ট, ডাউকি ফল্ট ও উত্তর-পূর্বে মিয়ানমারের সেগাইং ফল্টের মতো ফাটল রয়েছে। ফলে আমাদের এখানে বিভিন্ন সময় ছোট ও মাঝারি মাত্রার কম-বেশি ভূমিকম্প হচ্ছে। যেকোনো মুহূর্তে বড় ধরনের ভূমিকম্প হয়ে যেতে পারে।
তিনি বলেন, সে অনুযায়ী আমাদের তেমন কোন প্রস্তুতি নেই। ভূমিকম্প হলে ঢাকা শহরে গ্যাসের লাইনগুলো ফেটে যাবে, বিদ্যুৎ লাইন গুলো ছিঁড়ে যাবে, নেগেটিভ পজিটিভ তার একত্রিত হয়ে আগুন জ্বলতে থাকবে। তাই ঢাকা শহরের পুরাতন বিল্ডিংগুলো অর্থাৎ যেগুলো ভূমিকম্প সহনীয় নয়, সেগুলো আইডেন্টিফাই করে ভেঙে ফেলতে হবে।
ভূমিকম্পে মানসিকভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছেন সবথেকে বেশি। শুক্রবারের ভূমিকম্পের পর সরজমিন শেওড়াপাড়া এলাকায় দেখা যায়, কম্পনের ঘণ্টাখানেক পরও ঘরে ফেরেননি বাসিন্দারা। তারা রাস্তায় অবস্থান নেন। অনেকেই বারংবার দেন আজান। সেদিনের জুুমার নামাজেও ছিল মুসল্লীর ঢল। সনাতনধর্মালম্বাীরা দেন উলু ধ্বনি। আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলের শিক্ষার্থীরা তড়িঘরি করে নামতে গিয়ে অনেকেই হয়েছেন আহত। ট্রমাটাইজড শিক্ষার্থীরা শনিবারের (আফটার শক) ছোট মাত্রায় ভূমিকম্পের সময়ও একইভাবে আহত হন। অনেক শিক্ষাপ্রতিষ্ঠানের আবাসিক শিক্ষার্থীদের রাতে সড়কে রাত কাটাতেও দেখা যায়। আবার সামাজিক যোগাযোগ মাধ্যম বিশেষ করে ফেসবুকে ভীতি স্পষ্ট।











































