Home খেলাধুলা হেরাথকে ছুঁয়ে তাইজুলের বিশ্বরেকর্ড

হেরাথকে ছুঁয়ে তাইজুলের বিশ্বরেকর্ড

6


স্পোর্টস ডেস্ক

আয়ারল্যান্ডের বিপক্ষে মিরপুর টেস্ট যেন হয়ে উঠেছে তাইজুল ইসলামের রেকর্ডের উৎসব। প্রথমে সাকিব আল হাসানকে ছুঁয়ে ও পরে তাকে ছাড়িয়ে দেশের সফলতম টেস্ট বোলার হওয়া। এরপর এবার বিশ্ব ক্রিকেটেও একটি জায়গায় দ্বিগুণ শ্রেষ্ঠত্বের মালিক তিনি। বাঁহাতি স্পিনারদের মধ্যে টেস্টে দ্রুততম ২৫০ উইকেট নেওয়ার রেকর্ড এখন তাইজুলের দখলে, যা রঙ্গনা হেরাথের সঙ্গে যৌথভাবে।

মাত্র ৫৭ টেস্টে মাইলফলক স্পর্শ করেছেন তাইজুল। শ্রীলংকার কিংবদন্তি বাঁহাতি স্পিনার ও বাংলাদেশের সাবেক স্পিন কোচ হেরাথেরও লেগেছিল ঠিক একই সংখ্যা-৫৭ টেস্ট।

ইনিংস সংখ্যায়ও দুজনের সমতা-১০২ ইনিংসেই এসেছে তাদের ২৫০তম উইকেট।

হেরাথ-তাইজুলের আগে এই রেকর্ড ছিল ভারতের বিষেন সিং বেদির। সর্বকালের অন্যতম সেরা বাঁহাতি স্পিনারের ২৫০ উইকেটে লেগেছিল ৬০ টেস্ট। রবীন্দ্র জাদেজার লেগেছিল ৬২ টেস্ট।

এই টেস্টে একের পর এক মাইলফলক ছুঁয়ে চলেছেন তাইজুল। প্রথম ইনিংসে ৪ উইকেট নিয়ে তিনি সাকিবের উইকেটসংখ্যা টপকানোর পথে এগিয়েছিলেন। দ্বিতীয় ইনিংসে শনিবার সাকিবকে ছাড়িয়ে হয়ে যান বাংলাদেশের সর্বকালের সেরা টেস্ট বোলার। সাকিব আল হাসানও তাকে অভিনন্দন জানিয়েছেন।

ম্যাচের পঞ্চম দিনে তাইজুল মাঠে নামেন ২৪৯ উইকেট নিয়ে। প্রথম উইকেটের জন্য অপেক্ষা করতে হয়েছে কিছুটা সময়; অবশেষে দিনের ১৪তম ওভারে অ্যান্ডি ম্যাকব্রাইনকে ফিরিয়ে তিনি বাংলাদেশকে দিলেন কাঙ্ক্ষিত ব্রেকথ্রু এবং নিজেকে তুললেন আরেক শিখরে।

এর আগে ২০১৪ সালে ওয়েস্ট ইন্ডিজ সফরে অভিষেকের ম্যাচে প্রথম ইনিংসেই ৫ উইকেট নিয়েছিলেন তাইজুল। ক্যারিয়ারের বড় সময় জুড়ে তাকে দেখা গেছে সাপোর্ট বোলারের ভূমিকায়—সাকিবের উপস্থিতিতে বাইরে গেলে সুযোগ কমত, পরে মেহেদী হাসান মিরাজের উত্থানেও প্রতিযোগিতা আরও বাড়ে। কিন্তু এখন সাকিবহীন বাংলাদেশে স্পিন আক্রমণের নেতা তিনি-ই, আর দেশের মাটিতে তিনি বরাবরই নির্ভরতার প্রতীক।

সাকিব ৫৪ টেস্ট খেলে পৌঁছেছিলেন ২০০ উইকেটের মাইলফলকে; তাইজুল সেই যাত্রা সম্পন্ন করেন মাত্র ৪৮ টেস্টে। আর এবার ২৫০ উইকেটের ঐতিহাসিক উচ্চতাও স্পর্শ করলেন ঝলমলে অর্জনের সঙ্গে।