স্পোর্টস ডেস্ক।।
বছরের শেষ ম্যাচের জন্য আর্জেন্টিনা জাতীয় দলের স্কোয়াডে ডাক পেয়েছেন কেভিন ম্যাক অ্যালিস্টার। ম্যাক অ্যালিস্টার নামটি শুনলে তো আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী মিডফিল্ডারের চেহারাই চোখের সামনে ভেসে ওঠার কথা সবার। বেলজিয়ান ক্লাব ইউনিয়ন সেন্ট-গিলোইসের রক্ষণভাগের খেলোয়াড় কেভিন সেই অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারেরই অগ্রজ। চোটের কারণে এনজো ফার্নান্দেজের ছিটকে যাওয়ায় আলবিসেলেস্তেদের দলে ডাক পেয়েছেন কেভিন। আফ্রিকা সফরে দলের সঙ্গে থাকছেন দুই ম্যাক অ্যালিস্টার ভাই। এ দৃশ্য ফেরাচ্ছে আর্জেন্টাইন ফুটবলের শত বছরের এক ঐতিহ্য।
x
বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের শত বছরের ইতিহাসে এর আগে ২৯ জোড়া ভাই ডাক পান দলে। এর মধ্যে আবার ১২ জোড়া ভাই একই ম্যাচে একই সঙ্গে নামেন মাঠেও। সে হিসেবে আগামী ১৪ই নভেম্বর অ্যাঙ্গোলার মাঠে ম্যাক অ্যালিস্টার ভাতৃদ্বয় একসঙ্গে নামার অপেক্ষা করতেই পারেন। বিশ্বকাপ জিতে অ্যালেক্সিস ইতিমধ্যে ভক্তদের মনে জায়গা করে নিয়েছেন। অন্যদিকে, কেভিনের পথটা ছিল আরেকটু কঠিন। ২০১৭তে সাউথ আমেরিকান অ-২০ চ্যাম্পিয়নশিপে দলে ডাক পেলেও, বাঁ পায়ের মারাত্মক চোটে ছিটকে যান তিনি। এবার ২৮ বছর বয়সী কেভিন ফিরছেন জাতীয় দলের জার্সিতে। এর আগে একসঙ্গে আর্জেন্টিনোস জুনিয়র্সে একসঙ্গে খেলেন দুই ম্যাক অ্যালিস্টার ভাই।
ভাতৃদ্বয়ের গল্পগুলো আর্জেন্টাইন ফুটবলে অনেক পুরনো। এর মধ্যে বিশেষ জায়গা নিয়ে আছে ব্রাউন পরিবার। এ পরিবারের পাঁচ সদস্যই গায়ে জড়ান জাতীয় দলের জার্সি। তাদের মধ্যে আবার ১৯০২-এ এরনেস্তো ও জর্জ গিবসন ব্রাউন তো অভিষেক ম্যাচেই মাঠে নামেন একসঙ্গে। এক বছর পর আবার মাঠে নামেন একই পরিবারের আরও তিন ভাই। ১৯০৩-এর ১৩ই সেপ্টেম্বর সেদিনই মাঠে ছিলেন মুর পরিবারের দুই ভাই ইউজেনিও এবং জুয়ান। তারা ছিলেন আবার যমজ ভাই! শুধু আর্জেন্টিনা কেনো, পুরো ফুটবল ইতিহাসেই এমন দৃশ্য বিরল।
বিশ্বকাপ আসরেও দুই ভাইয়ের একসঙ্গে খেলার রেকর্ড আছে আর্জেন্টাইনদের ইতিহাসে। ছেলেদের বিশ্বকাপের প্রথম আসরেই (১৯৩০) আলবিসেলেস্তেদের হয়ে খেলেন দুই ভাই হুয়ান ও মারিনো এভারিস্তি। তিনবারের বিশ্বচ্যাম্পিয়নদের দুই ভাইয়ের বিশ্বকাপে খেলার একমাত্র ঘটনা এটিই। সেবার ফাইনালেও একসঙ্গে মাঠে নামে দু’জন। তবে ঘরের মাঠে সেবার ৪-২ গোলে শিরোপা জেতে উরুগুয়ে।











































