স্পোর্টস ডেস্ক।।
ভারতের রঞ্জি ট্রফিতে ঘটল বিরল এক কীর্তি। প্রথম শ্রেণির ক্রিকেটের ইতিহাসে একই ইনিংসে দুই ভিন্ন বোলারের হ্যাটট্রিকের ঘটনা ঘটল প্রথমবারের মতো।
শনিবার আসামের তিনসুকিয়া জেলা ক্রীড়া সংস্থা মাঠে সার্ভিসেস ও আসামের মধ্যকার ম্যাচের প্রথম দিন এই অনন্য অর্জনের সাক্ষী হয়। সার্ভিসেসের দুই বোলার-বাঁহাতি স্পিনার অর্জুন শর্মা ও বাঁহাতি পেসার মোহিত জাঙ্গরা-করেছেন এই অসাধারণ কীর্তি।
ইনিংসের দ্বাদশ ওভারে পরপর তিন বলে তিন ব্যাটসম্যানকে আউট করে হ্যাটট্রিক পূর্ণ করেন অর্জুন শর্মা। এরপর মোহিত জাঙ্গরা দুই ওভার মিলিয়ে হ্যাটট্রিক সম্পন্ন করেন-পঞ্চদশ ওভারের শেষ বলে একটি উইকেট নেওয়ার পর সপ্তদশ ওভারের প্রথম দুই বলে ফেরান আরও দুই ব্যাটসম্যানকে।
অবশ্য প্রথম শ্রেণির ক্রিকেটে একই ইনিংসে দুটি হ্যাটট্রিকের এটি মাত্র তৃতীয় ঘটনা। এর আগে ১৯০৭ সালে ইংল্যান্ডের কাউন্টি চ্যাম্পিয়নশিপে মিডলসেক্সের হয়ে সমারসেটের বিপক্ষে অ্যালবার্ট ট্রট এক ইনিংসে দুটি হ্যাটট্রিক করেন। এরপর ১৯৬২ সালে রঞ্জি ট্রফিতেই নর্দার্ন পাঞ্জাবের বিপক্ষে সার্ভিসেসের জোগিন্দার সিং রাও পুনরাবৃত্তি করেন সেই কীর্তির।
তবে এবার ইতিহাসে নাম লেখালেন দুই ভিন্ন বোলার, একই ইনিংসে আলাদা দুটি হ্যাটট্রিক করে।
১৯৮৬ সালেও অনুরূপ একটি ঘটনা ঘটেছিল-দক্ষিণ আফ্রিকার ক্লাইভ রাইস ও গার্থ লে রু অস্ট্রেলিয়ান একাদশের বিপক্ষে দুই ইনিংস মিলিয়ে হ্যাটট্রিক করেন। তবে সেটি একই ইনিংসে ছিল না; রাইসের প্রথম দুটি উইকেট এসেছিল আগের ইনিংসে।
দিন শেষে ম্যাচেও চলেছে উইকেটের ছড়াছড়ি। প্রথম ইনিংসে আসাম ১০৩ রানে গুটিয়ে যায়, জবাবে সার্ভিসেস অলআউট হয় ১০৮ রানে। দ্বিতীয় ইনিংসে আসাম দিন শেষ করেছে ৫ উইকেটে ৫৬ রান নিয়ে-সব মিলিয়ে প্রথম দিনেই পড়েছে মোট ২৫টি উইকেট!











































