স্পোর্টস ডেস্ক।।
ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচই যে আন্তর্জাতিক ওয়ানডেতে শেষ ম্যাচ, সেই ঘোষণা আগেই দিয়েছিলেন নিউজিল্যান্ড নারী দলের অধিনায়ক সোফি ডিভাইন। আজ ইংল্যান্ডের বিপক্ষে খেলে গর্বিত অধ্যায় শেষ করলেন নারী ক্রিকেটের অন্যতম সেরা তারকা।
২০০৬ সালের ২২ অক্টোবর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ানডে ক্রিকেটে অভিষেক হয়েছিল ডিভাইনের। ১৫৯টি ম্যাচে ৪ হাজার ২৭৯ রান করেছেন তিনি। বল হাতেও মারাত্মক সফল তিনি, রয়েছে ১১১টি উইকেট। নিউজিল্যান্ডের একমাত্র এবং নারী ক্রিকেটে তৃতীয় হিসাবে ওয়ানডেতে ৪ হাজারের বেশি রান ও এক শ’র বেশি উইকেট আছে ডিভাইনের।
২০২০ থেকে নিউজিল্যান্ড দলের অধিনায়কত্ব করছেন ডিভাইন। গত বছর দেশকে জিতিয়েছেন টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতিয়েছেন। আজ রোববার ইংল্যান্ডের বিপক্ষে নিজের শেষ ম্যাচে ২৩ রান এবং একটি উইকেট নিয়েছেন তিনি।
টসের সময় ডিভাইন বলেছেন, ‘আজ আমার কাছে দিনটা খুব আবেগের। চোখ দিয়ে জল বেরিয়েছে এটা অস্বীকার করছি না। তবে মাঠে নেমে ম্যাচটা উপভোগ করতে চাই এবং হাসিমুখে খেলতে চাই। সেরা সতীর্থদের সঙ্গে খেলতে পেরে আমি গর্বিত এবং সম্মানিত।’
শেষ ম্যাচটি জয় দিয়ে শেষ করতে পারেননি ডিভাইন। প্রথমে ব্যাট করতে নেমে ৩৮.২ ওভারে ১৬৮ রানে শেষ হয়ে যায় নিউজিল্যান্ডের ইনিংস। জবাব দিতে নেমে কোনো সমস্যায়ই পড়তে হয়নি ইংল্যান্ডকে। অ্যামি জোনসের অপরাজিত ৮৬ রানে ৮ উইকেট ও ১২২ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় ইংলিশরা।











































