স্পোর্টস ডেস্ক।।
নবজাতক কন্যার মৃত্যুতে ভেঙে পড়েছেন পাকিস্তানি অলরাউন্ডার আমির জামাল। সামাজিক যোগাযোগমাধ্যমে মেয়ের মৃত্যু সংবাদ জানিয়ে আবেগঘন বার্তা প্রকাশ করেছেন তিনি।
অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে মেয়ের হাতের সঙ্গে নিজের হাত ধরে থাকা একটি ছবি শেয়ার করে জামাল লিখেছেন, ‘আল্লাহর পক্ষ থেকে এসে আল্লাহর কাছে। আমি তোমাকে ধরে রাখতে পারলাম না আমার ছোট্ট রাজকন্যা। বাবা-মা তোমাকে মিস করবে। তুমি যেন বেহেশতের উচ্চ স্থানে থাকো।’
জামালের এই পোস্ট হৃদয় ছুঁয়ে গেছে ক্রিকেটভক্ত ও ক্রীড়া ব্যক্তিত্বদের। পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি জামালের নবজাতক কন্যার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন এবং শোকাহত পরিবারকে সমবেদনা জানিয়েছেন। তিনি বলেছেন, ‘আল্লাহ তোমাকে এই ক্ষতি সহ্য করার সাহস দিন।’
আমির জামাল ১৯৯৬ সালের ৫ জুলাই পাঞ্জাবের মান্ডি বাহাউদ্দিনে জন্মগ্রহণ করেন। ব্যাটে-বলে নিজের সক্ষমতা অনেকদিন ধরেই জানান দিচ্ছেন তিনি। ২০২২ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টিতে অভিষেক হয় তার। পরের বছর টেস্টে ও সবশেষ গত বছর ওয়ানডেতে অভিষেক হয় এই অলরাউন্ডারের। পিএসএলে পেশোয়ার জালমির হয়ে খেলেন তিনি।











































