Home আঞ্চলিক খুলনার দৌলতপুরে ছিনতাই ও কুপিয়ে জখম: আইন-শৃঙ্খলা নিয়ে শঙ্কা

খুলনার দৌলতপুরে ছিনতাই ও কুপিয়ে জখম: আইন-শৃঙ্খলা নিয়ে শঙ্কা

55


স্টাফ রিপোর্টার।।

খুলনা মহানগরীর দৌলতপুরে একই দিনে পৃথক দুটি ঘটনায় কলেজছাত্র ও এক ব্যবসায়ী গুরুতর আহত হয়েছেন। একটি ঘটনায় অস্ত্র ঠেকিয়ে টাকা ও মোবাইল ছিনতাই করা হয়েছে, আরেক ঘটনায় প্রতিবেশীর হাতে বটি দিয়ে জখম হয়েছেন এক ব্যবসায়ী। এতে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।


কলেজছাত্রের টাকা ও মোবাইল ছিনতাই।।
শুক্রবার (০৩ অক্টোবর) রাত আনুমানিক ৯টার দিকে মুজগুন্নি নেছারিয়া মাদ্রাসার সামনে বাপ্পী (৩০) নামে এক কলেজ শিক্ষার্থীর কাছ থেকে অস্ত্র ঠেকিয়ে ৮০ হাজার টাকা ও একটি মোবাইল ফোন ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা।

ধস্তাধস্তির এক পর্যায়ে ছিনতাইকারীরা বাপ্পীকে বেধড়ক মারপিট করে গুরুতর আহত করে। পরে পথচারীরা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।


জানা যায়, বিএল বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থী বাপ্পী প্রাইভেট পড়িয়ে জমানো টাকা দিয়ে আইফোন কেনার জন্য ওই দিন বের হয়েছিলেন। দৌলতপুর থেকে বৈকালী যাওয়ার পথে দুর্বৃত্তরা তার পথরোধ করে টাকা ও মোবাইল ছিনিয়ে নেয়। এ ঘটনায় এখনও থানায় কোনো মামলা হয়নি।


প্রতিবেশীর হাতে চা বিক্রেতা আহত।।

অপরদিকে একই দিন বিকেল সাড়ে ৩টার দিকে দৌলতপুর থানাধীন মহেশ্বরপাশা নয়াপাড়া এলাকায় মো. শরীফুল ইসলাম বাবু (৫০) নামের এক ব্যবসায়ীকে বটি দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেছে তার প্রতিবেশী ফিরোজ।


দৌলতপুর থানার ওসি তদন্ত জাহিদুল ইসলাম জানান, বাক প্রতিবন্ধী ফিরোজ স্থানীয়ভাবে চা বিক্রি করতেন। টাকা লেনদেনের জের ও পারিবারিক বিরোধের কারণে এই হামলা ঘটে। পরে ফিরোজ থানায় গিয়ে আত্মসমর্পণ করে এবং পুলিশ তাকে হেফাজতে নিয়েছে।


উদ্বিগ্ন স্থানীয়রা ।।
একই দিনে দৌলতপুরে ছিনতাই ও কুপিয়ে জখমের ঘটনায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে স্থানীয়দের মধ্যে শঙ্কা দেখা দিয়েছে। তাদের অভিযোগ, এলাকায় অপরাধ প্রবণতা দিন দিন বেড়ে যাচ্ছে। নগরবাসী দ্রুত আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন।